লালমনিরহাট সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।
পুলিশ জানায়, সাব্বির বিন শামস অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। আটকের সময় তার কাছ থেকে ব্যবহৃত বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
আটক সাব্বির লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকার মৃত শামসুল হুদা বকসির ছেলে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ওসি নাজমুল হক আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাব্বির ভারতে চলে যান এবং সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন। বর্তমানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা ও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































