ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
অনুষ্ঠানে জানানো হয়, ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি এবং নাগরিক সেবা সম্পর্কে জনসচেতনতা তৈরি করাই এ মেলার প্রধান লক্ষ্য। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে ভূমিসেবাকে আরও সহজলভ্য ও দ্রুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। একই সময়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলায়ও এ আয়োজন চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সেবা গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত করার লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































