সিরাজগঞ্জ ও বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

অনলাইন ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৬ মে ২০২৬, ২০:০৫
অ- অ+

সিরাজগঞ্জ ও বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন এবং বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন মারা গেছেন।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার সিআরবিসি এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে সবাই পুরুষ।

অন্যদিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে একই পরিবারের তিনজন নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তাঁর স্ত্রী মনিয়া বেগম এবং তাঁদের শিশুকন্যা জান্নাত।

স্থানীয় লোকজন জানান, যানজটের কারণে মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা গণহত্যার ৯ বছর: শেষ হয়নি বেদনা, ফেরেনি ন্যায়বিচার
দেশের বাজারে স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ৪৬ হাজার টাকা
বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হতে পারবেন না বিচারকেরা
সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান আজ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা