বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের আসন্ন নীতিনির্ধারণী বৈঠককে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। আজ বুধবার স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্স’র।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে স্বর্ণের দাম গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এদিকে আগস্ট মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দামও বেড়েছে। এদিন ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৪ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত ও অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির চাহিদা বেড়েছে।
পাশাপাশি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। সুদের হার নিয়ে ফেডের সম্ভাব্য সিদ্ধান্ত ও ভবিষ্যৎ ইঙ্গিত স্বর্ণের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে এবং সুদের হার কমানোর প্রত্যাশা জোরালো হলে স্বর্ণের দামে আরও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে পারে।
(ঢাকাটাইমস/২২ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































