জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ করে মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে। একই সঙ্গে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সাদা পোশাকে গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন।
যেসব এলাকায় মানুষের সমাগম বেশি হবে, সেখানে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। এসব ইউনিট প্রয়োজন অনুযায়ী সুইপিং কার্যক্রম পরিচালনা করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির সদস্যরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবেন।
যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য পর্যাপ্তসংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
ডিএমপির নিয়মিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া র্যাব ও সিআইডির সদস্যরাও রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় থাকবেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































