পিংক বাস চালুর প্রথম দিনেই বলাকা বাসের ধাক্কা

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে মঙ্গলবার গোলাপি রঙের ‘পিংক বাস’ সার্ভিসের উদ্বোধন করা হয়। তবে চালুর প্রথম দিনেই অন্য একটি বাসের ধাক্কায় পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার বনানীর নতুন বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে।
জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। এতে পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার লক্ষ্যেই বিশেষ এই বাস সার্ভিস চালু করা হয়েছে। গোলাপি রঙের বাসগুলোতে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো, চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়ার ব্যবস্থা রাখা।
বিআরটিসির উদ্যোগে চালু হওয়া এই বাস সার্ভিস রাজধানীতে নারীদের গণপরিবহনে যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































