পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নার্সারিতে থাকা ১৬ শিশুর মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট) সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, হাসপাতালের তিন তলায় অবস্থিত নার্সারিতে এসির কম্প্রেসর বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা নবজাতকদের অধিকাংশই আগুনে পুড়ে মারা যায়।
উদ্ধারকর্মীরা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা নার্সারির জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনাস্থলে শীতলীকরণ কার্যক্রম চালানো হচ্ছে।
ঘটনার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হলো এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্ত করবে।
উল্লেখ্য, ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল। আদালতের নির্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষাও এই হাসপাতালে করা হয়েছিল।
(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































