ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবির সত্যতা নিয়ে বিভ্রান্তি, পোস্ট সরালেন আসিফ মাহমুদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে বিষয়টি পরিষ্কার হওয়ায় নিজের সেই পোস্ট মুছে দিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেসবুক অ্যাকাউন্টে ট্রাম্পের সঙ্গে তার ও ডা. জুবাইদা রহমানের একটি ছবি প্রকাশ করা হয়। পোস্টে জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে ট্রাম্পের দেওয়া সংবর্ধনায় তারা অংশ নেন। ছবিটির উৎস হিসেবে হোয়াইট হাউসের নামও উল্লেখ করা হয়।
ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে ছবিতে ট্রাম্পের দাঁড়ানোর ভঙ্গি ও ডান হাতের বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে রাখার ধরন নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন। একই ধরনের ভঙ্গিতে কসোভো, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের ছবি ছড়িয়ে পড়ায় এ নিয়ে আলোচনা আরও বাড়ে।
বিষয়টি নিয়ে আসিফ মাহমুদও ফেসবুকে পোস্ট দেন। তিনি ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবির পাশাপাশি কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও তার স্ত্রীর একটি ছবি শেয়ার করে জানতে চান, কোন ছবিটি আসল এবং বিষয়টি কেউ যাচাই করেছেন কি না।
তবে পরবর্তী সময়ে ফ্যাক্টচেক ও বিভিন্ন উৎসের তথ্যের ভিত্তিতে বিষয়টি পরিষ্কার হয়। আসিফ মাহমুদ এক পোস্টে জানান, একই রকম পোজ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির কারণেই তিনি ছবির সত্যতা নিশ্চিত হতে চেয়েছিলেন। বিষয়টি পরিষ্কার হওয়ায় তিনি আগের পোস্টটি মুছে দিয়েছেন।
এদিকে, বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রায় একই ধরনের ছবি নিয়ে করা যাচাইয়ে ছবিগুলো এআই দিয়ে তৈরি বা সম্পাদিত হওয়ার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য ডিসেন্ট।
প্রতিবেদন অনুযায়ী, সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প নির্দিষ্ট একটি জায়গায় দাঁড়িয়ে ছিলেন এবং বিভিন্ন দেশের নেতারা একে একে তার পাশে গিয়ে আনুষ্ঠানিক ছবি তোলেন। একই পটভূমি, ক্যামেরার অবস্থান ও ট্রাম্পের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে ছবিগুলোতে তার ভঙ্গি প্রায় একই রকম দেখা গেছে।
কসোভোর ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান হিব্রিড ডট ইনফোর যাচাইয়েও আলোচিত ছবিগুলোকে এআই-নির্মিত হিসেবে শনাক্ত করা হয়নি। বিভিন্ন ছবিতে ট্রাম্পের হাতের অবস্থান, মুখের অভিব্যক্তি ও হাসিতে পার্থক্যও দেখা গেছে।
এ ছাড়া রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর দানের সঙ্গে ট্রাম্পের একটি ছবিকেও এআই দিয়ে তৈরি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছিল। পরে রোমানিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি নয়। অনুষ্ঠানে হোয়াইট হাউসের অফিসিয়াল আলোকচিত্রী ছবি তুলেছিলেন এবং পরে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদলের কাছে ছবিগুলো পাঠানো হয়।
অন্যদিকে, আসিফ মাহমুদ যে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ট্রাম্পের ‘কার্ডবোর্ড কাটআউট’-এর ছবি শেয়ার করেছিলেন, সেটিও আসল ছবি নয় বলে ফ্যাক্টচেকে উঠে এসেছে। সেটি মূল ছবিকে সম্পাদনা করে তৈরি করা একটি মিম। মূল ছবিতে ট্রাম্পকে কুর্তির পাশে বাস্তব অবস্থায় দেখা যায়।
ফলে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবিতে অন্য বিশ্বনেতাদের সঙ্গে তোলা ছবির মতো একই ধরনের পোজ দেখা গেলেও, শুধু এ ধরনের মিলকে ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। একই অনুষ্ঠানে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আনুষ্ঠানিক ছবি তোলার কারণেই এমন সাদৃশ্য তৈরি হয়েছে বলে যাচাইয়ে উঠে এসেছে।
(ঢাকাটাইমস/৪ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













