ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে আলোচনায় যারা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬
অ- অ+

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি শিগগিরই ঘোষণা হতে পারে। নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে ইতোমধ্যে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র বলছে, নতুন কমিটিতে তরুণ ও অভিজ্ঞ নেতাদের পাশাপাশি আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং তুলনামূলক ‘ক্লিন ইমেজের’ নেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।

সভাপতি বা আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের প্রশাসক ও বিএনপি নেতা শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান এবং মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ারের নামও আলোচনায় রয়েছে।

সাধারণ সম্পাদক বা সদস্যসচিব পদে সদ্য বিলুপ্ত কমিটির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন এবং দারুস সালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুর নাম আলোচনায় রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আরও শক্তিশালী, গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করতে নতুন কমিটি দেওয়া হবে। রাজনৈতিক সংগঠনে পুনর্গঠন একটি স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, নতুন কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।

নতুন কমিটি কবে ঘোষণা হতে পারে—এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ বিষয়ে তাঁর কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। তবে সংগঠনের গতিশীলতার স্বার্থে পরিবর্তন আসবে এবং এটি চলমান প্রক্রিয়ার অংশ।

এদিকে, বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের কাজ দ্রুত এগিয়ে চলছে।

দলীয় সূত্রের দাবি, নতুন কমিটিতে এমন নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারত্ব বা অন্য কোনো বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই। একই সঙ্গে থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোও দ্রুত পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে। রাজধানীতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করাই এর লক্ষ্য।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অভ্যন্তরীণ কোন্দল এবং সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে যুবদল ও ছাত্রদলের স্থানীয় শাখার কমিটিও বিলুপ্ত করা হয় এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়।

সম্প্রতি রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে বিষয়টি তদন্ত করে অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ ছাড়া মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর এবং স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারত্বের সঙ্গে বিএনপির কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগও সামনে এসেছে। পল্লবী, মিরপুর ও দারুস সালাম এলাকায় এসব অভিযোগ দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দলীয় সূত্র আরও জানায়, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহ আলী থানা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের ১৫ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্যসচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যের কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও সাংগঠনিক কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের আইন মেনে চলার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। দল, সরকার বা সংসদ—কোনো পর্যায়েই দলের কেউ আইনের ঊর্ধ্বে নন বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও বলেন, আইন ও নিয়মের বাইরে গেলে তার পরিণতি ভোগ করতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলোতেই এর প্রমাণ পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপিতে সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে শৃঙ্খলা ও কার্যক্রমে গতি ফেরানোর চেষ্টা করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে হট্টগোল
কালীগঞ্জে মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পাঠদান
কেরানীগঞ্জে ২১৬ সুইচ গিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে গুলাগুলি, আহত ২