স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই: ফখরুল

দেশে কোনো মানুষের স্বাভাবিক মুত্যৃর গ্যারান্টি নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাইবান্ধায় সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল আলম লিটনের গুলিতে নিহত হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেছেন,‘সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ কারণে এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ হত্যা হচ্ছে।’
সোমবার ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে, তারেক রহমানের পরামর্শে লড়াই করে যাবে ছাত্রদল।’
ফখরুল দাবি করেন,‘আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করায় সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’
এমপি লিটন হত্যায় জামায়াত জড়িত সরকারের পক্ষ বলা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার বরাবরই নিজেদের অপকর্ম গুলোকে অন্যর উপর চাপিয়ে দেয়। এর মাধ্যমে তারা ফায়দা লুটতে চায়।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট, আবু আল আতিক হাসান মিন্টু, নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মেহবুব মাছুম শান্ত, দপ্তর সম্পদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/বিইউ/ডব্লিউবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































