ভালুকায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’ করার কারণে এক যুবককে শনিবার রাত ১০টার দিকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মো. ইমন(১৮) উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় নয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার যুবক ইমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে। পরে শনিবার সকালে সেই কটূক্তির প্রতিবাদে হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন ও ভালুকা পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন দুটি অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপেক্ষিতে অভিযান চালিয়ে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় নয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, অভিযোগটি পাওয়ার পর আমলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি ইমনকে গ্রেপ্তার করে। রবিবার তাকে কারাগারে পাঠানো হবে।
(ঢাকাটাইমস/২০জুন/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












