আপনার কি সব সময় ক্লান্ত লাগে? জানুন কারণ

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১০:১৬| আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১১:১৮
অ- অ+

বিভিন্ন কারণেই ক্লান্তি আসতে পারে শরীর ও মনে। ক্লান্তির কারণও ভিন্ন, ক্ষুধা-তৃষ্ণার জন্য মানুষ যেমন ক্লান্ত হয়, তেমনি অসুখের কারণেও হতে পারে। তাই ক্লান্তির কারণটা জানা জরুরি।

অ্যানিমিয়া আয়রনের ঘাটতি

যে সব কারণে সবচেয়ে বেশি ক্লান্তির সমস্যায় ভোগেন, তার মধ্যে একটি হলো অ্যানিমিয়া ও আয়রনের ঘাটতি। আয়রন ছাড়া দেহে হিমোগ্লোবিন তৈরি হয় না। আর হিমোগ্লোবিন তৈরি না হলে আমাদের দেহের বিভিন্ন কলা বা টিস্যু এবং পেশিতে অক্সিজেন পৌঁছায় না, এরা ঠিকভাবে কাজও করতে পারে না। ফলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। সারাদিন ক্লান্ত-দুর্বল লাগে৷ খালি খালি ঘুম পায়৷ খাবারে-দাবারে যথাযথ পরিমাণে লৌহ না থাকলে এমন দুর্বলতা বেড়ে যেতে পারে। ক্লান্তি, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, চুল পড়া- এই সব আয়রন ঘাটতির খুব চেনা উপসর্গ। আমাদের দেশে মেয়েদের মধ্যেই রক্তশূন্যতা বেশি দেখা দিলেও ছেলেরাও এতে ভুগতে পারে। প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি খাওয়া এবং লৌহের ঘাটতি মেটানো এই সাধারণ ক্লান্তি থেকে মুক্তির ভালো উপায়।

ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম

ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম বা ‘সিএফএস’ থেকেও ক্লান্তি হতে পারে, দুর্বলতা দেখা দিতে পারে। এই সমস্যা হলে সারা রাত ঘুমালেও পরদিনও ক্লান্তি দূর হতে চায় না। ঠিক কোন সমস্যা থেকে সিএফএস তৈরি হয় তা বলা মুশকিল। তবে হরমোনের ভারসাম্যহীনতা, ভাইরাসের সংক্রমণ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এমনকি প্রচণ্ড মানসিক চাপ বা উদ্বেগ থেকেও এটা হতে পারে। এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সুগারের ওঠানামা

ব্লাড সুগার বা রক্তে শর্করার পরিমাণ ওঠানামার কারণেও এমন শারীরিক ক্লান্তি তৈরি হতে পারে। ডায়াবেটিসের অনেক উপসর্গের মধ্যে প্রায়ই শরীর দুর্বল হয়ে যায়। এমন হয়ে থাকলে রক্ত পরীক্ষা থেকেই আপনি ডায়াবেটিস কি না তা শনাক্ত করা যেতে পারেন। ডায়াবেটিস ধরা পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ মেনে চলতে শুরু করুন। নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্য দিয়ে সহজেই এটা নিয়ন্ত্রণ করা সম্ভব।

হতাশা বিষণ্নতায় ভোগা

কোনও কিছু নিয়ে গভীর হতাশায় ডুবে আছেন? অতিরিক্ত মানসিক চাপ থেকে লাগাতার বিষণ্নতায় ভুগছেন? তাহলেও কিন্তু এমন দুর্বলতা আর ক্লান্তি দেখা দিতে পারে। এমন হলে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। নিজের সমস্যার কথা খুলে বলে তার পরামর্শ নিন। অল্প দিনেই আপনি হয়তো আবার নিজেকে ফিরে পেতে শুরু করবেন।

পর্যাপ্ত পানি পান

যথেষ্ট পানি পান না করলে পানিশূন্যতা হতে পারে। ফলে কাজকর্মের বা হাঁটাহাঁটির সময় ক্লান্ত বোধ করতে পারেন। তাই খেয়াল করুন, প্রচুর পানি পান করা হচ্ছে কি না।

থাইরয়েড হরমোন

থাইরয়েড হরমোনের অভাবজনিত রোগে অবসাদগ্রস্ত লাগতে পারে। এনার্জি লেভেল কমে যেতে পারে। খেয়াল করুন, হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে কি না। কোষ্ঠকাঠিন্য, চুল ও ত্বকের সমস্যা ইত্যাদি থাকতে পারে এ রোগে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশে চাকরির দুই দশক পর প্রশিক্ষণ নিতে গিয়ে প্রাণ গেল এসআইর
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন
সঞ্জীবন প্রকল্পে বদলাতে পারে আনসার সদস্যদের অর্থনৈতিক বাস্তবতা
রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা