বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় কঠোর এডিসি রুবেল হক, মামলা-জরিমানা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় একটি যাত্রীবাহী পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। অভিযানে হর্নটিও জব্দ করা হয়।
রবিবার উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবেল হকের নেতৃত্বে পরিচালিত অভিযান চালাকালীন ঢাকা থেকে শেরপুরগামী একটি পরিবহনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে এডিসি রুবেল হক বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে শব্দদূষণমুক্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এ এলাকায় মোটরযান থেকে হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি জানান, ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে পরিবহনটির বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১৯(২) ধারায় মামলা ও জরিমানা করা হয়েছে।
রুবেল হক আরও বলেন, নীরব এলাকার পরিবেশ বজায় রাখতে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া তিনি চালক ও পরিবহন সংশ্লিষ্টদের নীরব এলাকায় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ সচিবালয় এবং হাসপাতালের চারপাশের ১০০ মিটার পর্যন্ত এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছে। এসব এলাকায় যানবাহনের হর্ন বাজানো আইনত নিষিদ্ধ।
২০০৬ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী, নীরব এলাকায় দিনের বেলায় ৫০ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেলের বেশি শব্দ করা দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
উত্তরা ট্রাফিক বিভাগ জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নীরব এলাকার পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































