কমলাপুর-যাত্রাবাড়ীতে র্যাবের অভিযান, সাড়ে ১৬ লাখ টাকার ফেনসিডিলসহ ৩ নারী গ্রেপ্তার

রাজধানীর কমলাপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১১ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৪৪ হাজার টাকা।
সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুমন। এ সময় র্যাব-১০-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল রাজধানীর কমলাপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ৪১১ বোতল ফেনসিডিলসহ তিনজন পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি র্যাবের। তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও অন্যান্য স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে রাজধানীতে এনে মাদকসেবী ও খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতেন।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা বলেন, অভিযানের মাধ্যমে একটি সক্রিয় মাদক চক্রের কার্যক্রম উন্মোচিত হয়েছে। মাদক উদ্ধার ও অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































