ঢাবিতে নকশিকাঁথা শিল্পী সুরাইয়া রহমানকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শন

স্পৃহা ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে প্রদর্শিত হয়েছে প্রামাণ্য তথ্যচিত্র ‘আনভেইলিং দ্য টেপেস্ট্রি: অ্যান এক্সক্লুসিভ স্ক্রিনিং অব থ্রেডস’।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে এ তথ্যচিত্রটি প্রদর্শিত হয়।
আয়োজকরা জানান, তথ্যচিত্রটিতে নকশীকাঁথা শিল্পী সুরাইয়া রাহমানের গল্প ফুটিয়ে তোলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যচিত্রটির নির্দেশক ও প্রযোজক ক্যাথি স্টেভ্যুলাক, স্পৃহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী নির্দেশক তাজিন শাহদিদ, ফাউন্ডেশনের হেড অব গ্রোথ হালিমা তুস সাদিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিক সংসদের সভাপতি দেবজ্যোতি বিশ্বাস ও সাধারণ সম্পাদক কে এম তানভীরুল হক।
নির্দেশক ও প্রযোজক ক্যাথি স্টেভ্যুলাক বলেন, এই তথ্যচিত্রটি আমি যতবার দেখি, আবেগাপ্লুত হয়ে যাই। স্পৃহা ফাউন্ডেশনের কাজ সম্পর্কে আমি শুরু থেকেই জানি। আমি ধন্যবাদ জানাতে চাই স্পৃহা ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদকে তাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য।
স্পৃহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী নির্দেশক তাজিন শাহদাদ বলেন, ১০ বছর আগে যখন আমরা স্পৃহা শুরু করি, তখন আমাদের একটি বড় স্বপ্ন ছিল সাধারণ মানুষের জীবন সহজ করে তোলা, খেটে খাওয়া মানুষ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে অবদান রাখা। আজ এই আয়োজনে আমাদের মেয়েদের উপস্থিতিই প্রমাণ করে যে আমরা ধীরে ধীরে আমাদের সেই স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এ আয়োজনে আমাদের সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদকে অনেক ধন্যবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি দেবজ্যোতি বিশ্বাস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে লালন এবং ধারণ করায় বিশ্বাসী। নকশি কাঁথা আমাদের ঐতিহ্য। স্পৃহা ফাউন্ডেশনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এসকে/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































