ঐতিহ্যবাহী সোলেমান লেংটার মেলা বন্ধ ঘোষণা, জানুন কারণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম লেংটার মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্ধারিত সময় অনুযায়ী ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মাইকিং করে এ ঘোষণা দেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। এ সময় তিনি উপস্থিত ভক্ত, ব্যবসায়ী ও দর্শনার্থীদের দ্রুত শান্তিপূর্ণভাবে মেলা এলাকা ত্যাগ করার আহ্বান জানান।
পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল বলেন, “১ এপ্রিল মাগরিবের পর থেকে মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। আপনারা যারা দূর-দূরান্ত থেকে এসেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে দ্রুত ও শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করবেন।”
জানা গেছে, মেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক সেবন, জুয়া, অশ্লীলতা ও নানা অনিয়মের অভিযোগ উঠে আসছিল। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন জুয়া ও মাদক সংশ্লিষ্টদের হামলায় মাজারের এক খাদেম আহত হন।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসন মেলার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শত বছরের ঐতিহ্যবাহী এ মেলা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এ সিদ্ধান্তকে অনেকেই প্রয়োজনীয় বলেও মনে করছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































