তাপদাহে অতিষ্ঠ রাজধানী, বাড়ছে গরমের তীব্রতা

রাজধানী ঢাকাতে টানা গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন আজও স্বস্তির কোনো আভাস নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম থাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হলেও তা তাপমাত্রায় তেমন প্রভাব ফেলেনি।
এদিকে দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তবে দেশের অধিকাংশ অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































