বাজেটে বাড়ছে সিগারেট ও দেশীয় মদের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ০৯:৪৭
অ- অ+

তামাকপণ্যের ব্যবহার নিরুৎসাহিত করা এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চার স্তরের সিগারেটের দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে সরকার। একই সঙ্গে নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো এবং দেশীয়ভাবে উৎপাদিত মদের ওপর নতুন কর ও শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব ঘোষণা করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী, বাজারে থাকা নিম্নস্তরের ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম বর্তমান ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হচ্ছে। মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা এবং উচ্চস্তরের সিগারেটের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সবচেয়ে বেশি মূল্য বৃদ্ধি করা হচ্ছে অতি উচ্চস্তরের সিগারেটে। এ শ্রেণির ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে এক লাফে ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হচ্ছে।

এবারের বাজেটে প্রথমবারের মতো নিকোটিন পাউচের জন্য আলাদা মূল্য ও কর কাঠামো নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণের পাশাপাশি এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে আমদানির ক্ষেত্রে ৩৫০ শতাংশ শুল্ক নির্ধারণের প্রস্তাব রয়েছে।

হিটেড টোব্যাকো পণ্যের ক্ষেত্রেও কর বাড়ানো হচ্ছে। প্রতি ১০ শলাকা হিট টোব্যাকোর সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা নির্ধারণ করে এর ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষার যুক্তিতে নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ওপর ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে দেশীয়ভাবে উৎপাদিত মদের ওপরও নতুন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। বাজেটে উৎপাদন পর্যায়ে প্রতি লিটার মদের ওপর ৫০০ টাকা হারে সম্পূরক শুল্ক নির্ধারণ করা হতে পারে।

সরকারের মতে, ধূমপান ও অন্যান্য তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এ কারণে এসব পণ্যের মূল্য ও কর বৃদ্ধি করে ব্যবহার কমানোর পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্য নিয়েই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বাজেটে সাধারণ মানুষের স্বস্তির বার্তা, কমছে ৬০ নিত্যপণ্যের দাম
জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ
মৌচাকে বিল্লাল হত্যাকান্ডে জড়িত আসামী সিরাজ ও গোল্ডেন রাকিব গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা