রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০
অ- অ+

শেষ মুহূর্তের নাটকীয় গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। সোমবার (৬ জুলাই) রাতে ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর যোগ করা সময়ের গোলেই জয় নিশ্চিত করে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। নবম মিনিটে স্পেন এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি মিকেল ওইয়ারসাবাল। তিন মিনিট পর পাল্টা আক্রমণে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর শক্তিশালী শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন স্পেন গোলরক্ষক উনাই সিমন।

প্রথমার্ধে দুই দলের গোলরক্ষকদের দৃঢ়তায় গোলশূন্য থাকে ম্যাচ। বিশেষ করে পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তা একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দলের রক্ষাকবচ হয়ে ওঠেন। অন্যদিকে স্পেনের উনাই সিমনও রোনালদোসহ পর্তুগিজ আক্রমণভাগের বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন।

বিরতির পর ম্যাচের গতি আরও বাড়ে। তবে দুই দলই আক্রমণে ধার দেখালেও গোলের দেখা পাচ্ছিল না। ৫৬তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন পর্তুগালের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার নুনো মেন্দেস। এরপর কোচ রবার্তো মার্তিনেজ আক্রমণে নতুন মাত্রা যোগ করতে জোয়াও ফেলিক্স ও জোয়াও কানসেলোকে তুলে রাফায়েল লিয়াও এবং দিয়োগো দালতকে মাঠে নামান। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই আসে নির্ণায়ক মুহূর্ত। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেরান তোরেসের নিখুঁত পাস থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন মিকেল মেরিনো। তার সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

বাকি সময়ে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালালেও স্পেনের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি পর্তুগাল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন স্প্যানিশ খেলোয়াড় ও সমর্থকেরা। অন্যদিকে হতাশা নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোদের।

এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল স্পেন। আর শিরোপার স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করা পর্তুগালকে বিদায় নিতে হলো শেষ ষোলোর বাধা থেকেই।

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস, নিজ হাতে বিচার না করার আহ্বান
পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, শোকমিছিলে লাখো মানুষের ঢল
দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরি ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা
বিশ্ববাজারে স্বর্ণের দামে ধস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা