বিশ্বকাপ ফাইনালের গোল প্রেডিকশন প্রতিযোগিতার ১০ বিজয়ী ঘোষণা

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচের ফল ও গোলসংখ্যা নিয়ে আয়োজিত অনলাইন প্রেডিকশন প্রতিযোগিতার ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’।
মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘ফাইনাল ম্যাচ গোল প্রেডিকশন কম্পিটিশন’-এ নির্ধারিত সময়ের মধ্যে ৬ হাজার ৪৩৫টি মন্তব্য জমা পড়ে। এর মধ্যে ফাইনাল ম্যাচের ফলাফল ও গোলসংখ্যা সঠিকভাবে অনুমান করেন ৯৬ জন অংশগ্রহণকারী। পরে তাদের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ১০ জন বিজয়ী নির্বাচন করা হয়।
এর আগে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর ফেসবুক পেজে প্রতিযোগিতার ঘোষণা দিয়ে অনুসারীদের ফাইনাল ম্যাচের ফলাফল ও গোলসংখ্যা মন্তব্যের মাধ্যমে জানাতে আহ্বান জানানো হয়েছিল। ঘোষণার পর দেশ-বিদেশের বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী এতে অংশ নেন।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনুসারীদের ইতিবাচক সম্পৃক্ততা বাড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক অংশগ্রহণ উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর মাধ্যমে এ ধরনের সৃজনশীল ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে।
বিজয়ীদের জন্য ১০টি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি স্মার্টফোন। এ ছাড়া স্মার্ট টিভি, ইলেকট্রিক ওভেন, ইন্ডাকশন কুকার, স্মার্টওয়াচ, ব্লেন্ডার, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ মাইক্রোফোন, এয়ারপডস ও নেকব্যান্ড দেওয়া হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিনীর পরিচালক (মিডিয়া সেল) ও অধিনায়ক (এজিবি) মো. আইয়ুব আলী। এ ছাড়া বাহিনীর কর্মকর্তা, কর্মচারী ও মিডিয়া সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































