ঢাকার চার জোনে টিডিপির প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ৮০০ প্রশিক্ষণার্থী

রাজধানী ঢাকার চারটি জোনে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) ২৪ দিন মেয়াদি ‘অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা ১ম ধাপ)’ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে শনিবার (২৫ জুলাই) ৮০০ প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
একই সঙ্গে প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। পরে প্রশিক্ষণার্থীদের দেশ ও মানুষের সেবার শপথবাক্য পাঠ করানো হয়।
পূর্ব জোনের ডেমরা ও মতিঝিল, দক্ষিণ জোনের চকবাজার ও কোতোয়ালি, পশ্চিম জোনের পল্লবী ও শেরেবাংলানগর এবং উত্তর জোনের দক্ষিণখান ও গুলশান থানার নির্ধারিত কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শনিবার এসব কেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গনী প্রধান অতিথি হিসেবে সরাসরি ও ভার্চ্যুয়ালি যুক্ত হন। জোন অধিনায়কদের উপস্থিতিতে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিটি জোনে ১০০ জন পুরুষ ও ১০০ জন নারী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজ গঠনে ভূমিকা রাখার বিষয়ে টিডিপি সদস্যদের উদ্বুদ্ধ করা হয়।
আয়োজকেরা বলছেন, রাজধানীর মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তা রক্ষায় টিডিপির প্রশিক্ষিত সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আধুনিক এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দায়িত্ব পালনের সক্ষমতা আরও বাড়বে।
প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ও যাতায়াত ভাতা তাঁদের নিজ নিজ মোবাইল ব্যাংকিং হিসাবে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































