রাশিয়ার জ্বালানি তেল কিনলেই ১০০% শুল্ক, যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ১০:২০
অ- অ+

রাশিয়া থেকে তেল ও অন্যান্য জ্বালানি আমদানি করা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রেখে একটি বিল মার্কিন সিনেটে পাস হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ৮৬-১১ ভোটে বিলটি চূড়ান্তভাবে অনুমোদন পায়।

বিলটি এখন মার্কিন কংগ্রেসের অপর কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পেশ করা হবে। সেখানে বিলটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। ট্রাম্প স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে এবং রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপের সুযোগ পাবে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, রাশিয়া থেকে তেল বা অন্যান্য জ্বালানি কেনার মাধ্যমে যেসব দেশ রুশ অর্থনীতিতে রাজস্ব প্রবাহ বজায় রাখছে, তারা পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা করছে। এ কারণে এসব দেশের পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার প্রস্তাব রয়েছে।

বিলটি আইনে পরিণত হলে ভারত, চীন ও জাপানের মতো রুশ জ্বালানির বড় ক্রেতা দেশগুলো সবচেয়ে বেশি চাপে পড়তে পারে। এ ছাড়া স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজানের মতো দেশও সম্ভাব্য শুল্কের আওতায় আসতে পারে।

সিনেটে চূড়ান্ত ভোটের আগে বিলটি নিয়ে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। এর আগে পদ্ধতিগত বাধা অতিক্রমের ভোটে ৮৬ জন সিনেটর বিলটির পক্ষে এবং ১২ জন বিপক্ষে ভোট দিয়েছিলেন। শুক্রবারের চূড়ান্ত ভোটে বিলটি ৮৬-১১ ব্যবধানে পাস হয়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার জ্বালানি বিক্রি থেকে অর্জিত রাজস্ব ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যবহার করছে মস্কো। সেই অর্থের প্রবাহ কমানো এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোই প্রস্তাবিত আইনটির অন্যতম লক্ষ্য।

সিনেটে বিলটি পাস হওয়ার পর ইউক্রেনের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। এক সিনেটর বলেন, ‘ইউক্রেনের মানুষকে আমরা বলতে চাই, আপনারা একা নন। পুতিনকে বলতে চাই, আপনি কোনো দিন ইউক্রেন দখল করতে পারবেন না।’

বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা চীন এবং দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ভারত। ফলে বিলটি চূড়ান্তভাবে আইনে পরিণত হলে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ তৈরি হতে পারে।

(ঢাকাটাইমস/০৮ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী
আজকে দেশের মুদ্রার রেট কত? জেনে নিন
দেশের বাজারে ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে উল্লম্ফন
দীর্ঘ অপেক্ষার পর লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩৪০ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা