আশ্রয় চেয়ে জাপানে প্রতারিত দুই বাংলাদেশি ‘রাজনৈতিক কর্মী’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০১৭, ১২:৫৩
অ- অ+

শরণার্থী হিসাবে আশ্রয়ের জন্য জাপান গিয়েছিলেন দুই বাংলাদেশি রাজনৈতিক কর্মী। তাদের বলা হয়, যদি ফুকুশিমা পারমানবিক কেন্দ্রের বর্জ্য অপসারণে কাজ করেন, তাহলে আশ্রয় পাবেন। কিন্তু এ ধরণের কাজের সঙ্গে আশ্রয়ের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয়।

জাপানের সংবাদ মাধ্যমে দুই বাংলাদেশের প্রতারণার খবর প্রকাশের পর এটি বেশ আলোড়ন সৃষ্টি করে বলে জানায় রয়টার্স।

বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের ১১ মার্চের ভূমিকম্প আর সুনামির পর ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। আশেপাশের অনেক এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। লাখ লাখ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়। এলাকাটি দূষণমুক্ত করতে কয়েকটি প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে। কিন্তু তেজস্ক্রিয়তার কারণে ওই এলাকায় কেউ কাজ করতে রাজি হয় না। ফলে যেসব প্রতিষ্ঠান সেখানে বর্জ্য অপসারণের দায়িত্ব পেয়েছে, তারা কর্মী সংকটে ভুগছে।

বাংলাদেশ থেকে ২০১৩ সালে জাপানে গিয়েছিলেন দুইজন রাজনৈতিক কর্মী। পর্যটক ভিসায় গেলেও দেশে তাদের রাজনৈতিক হয়রানি করা হচ্ছে জানিয়ে তারা আশ্রয়ের আবেদন করেন।

দালালরা তাদের প্রস্তাব দেয় যে, তারা যদি ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে বর্জ্য অপসারণের কাজ করেন, তাহলে তাদের আশ্রয় পেতে সুবিধা হবে। তাদের কাজ মূলত বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয় মাটি সরানো। জানা যায়, ওই দুই বাংলাদেশে ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ফুকুশিমা কেন্দ্রের ৫০ কিলোমিটার দক্ষিণের একটি গ্রামে দূষিত বর্জ্য পরিষ্কারের কাজ করেন।

এদের একজন মনির হোসেন, তাকে উদ্ধৃত করে জাপানের শুনিচি পত্রিকা জানায়, ‘আশ্রয় আবেদনের বিষয়ে তাদের কথা আমরা বিশ্বাস করেছি। কারণ এটা এমন একটি কাজ, যা জাপানের লোকজন করতে চায় না।’

বিদেশী কর্মীদের ব্যাপারে কঠোর নিয়মনীতি অনুসরণ করে জাপান। তবে শরণার্থী হিসাবে আশ্রয় প্রার্থীরা আবেদন বিবেচনাধীন থাকাকালীন সময়ে কাজ করতে পারেন। তবে ছয়মাস পর পর তাদের অনুমতিপত্র নবায়ণ করতে হয়।

জাপানের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা মিতসুসি উরাগাতি বলেন, দূষিত বর্জ্য পরিষ্কার করলে থাকার অনুমতি পাওয়া যাবে, এমন কোন বিধান নেই। দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। কেউ যদি ভুল ব্যাখ্যা দেন, তাহলে সমস্যা। এই ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পারমানবিক বর্জ্য পরিষ্কারের বিষয় দেখভালের দায়িত্ব রয়েছে জাপানের পরিবেশ মন্ত্রণালয়। সংস্থাটির কর্মকর্তা তাকুয়া নোমোতো বলেন, শুনিচি পত্রিকা প্রতারক প্রতিষ্ঠান বা দালালদের নাম প্রকাশ করেনি। ফলে তারা অভিযোগটি নিশ্চিত করতে পারছেন না।

ফুকুশিমা লেবার ব্যুরো জানিয়েছে, বর্তমানে ১ হাজার ২০টি প্রতিষ্ঠানে দূষিত বর্জ্য পরিষ্কারের কাজ চলছে। যাদের অর্ধেকের বেশি প্রতিষ্ঠান শ্রম আইন আর নিরাপত্তার বিষয়গুলো লঙ্ঘন করেছে।

২০১৩ সালে রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, গৃহহীন মানুষজনকে নামমাত্র পারিশ্রমিকে ফুকুশিমার বর্জ্য পরিষ্কারের কাজে লাগানো হচ্ছে। দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলো চুক্তির ভিত্তিতে এমন সব প্রতিষ্ঠানকে কাজ দেয়, যাদের পারমাণবিক বর্জ্য পরিষ্কারের কোন অভিজ্ঞতা নেই।

(ঢাকাটাইমস/৯মার্চ/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী
প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
উত্তরাকে দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
আনচেলত্তির বই পড়ে ব্রাজিল বধের ছক কষছেন হাকিমি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা