ভোলায় সংসদ সদস্যকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৩, ২২:৫১
অ- অ+

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকির ফোনালাপ ভাইরাল হওয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে।

রবিবার আদালতে মামলাটি দায়ের করেন ভোলার দৌলতখান প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের। যিনি মামলার বিবরণে নিজের পরিচয়ে হিসেবে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের একজন রাজনৈতিক কর্মী হিসেবেও উল্লেখ করেছেন।

এদিকে আদালতের বিচারক গোলাম ফারুক অভিযোগটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল তার নিজ সংসদীয় এলাকায় খুবই জনপ্রিয়।

সম্প্রতি দৌলতখান উপজেলার নুর মিয়ার হাট এলাকায় হামলা, ভাংচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় স্থানীয় এমপির কোন প্রশ্রয় না পেয়ে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার গত ৩ জুন হোয়াটস অ্যাপে ভিডিও কলে আবু কালাম আজাদ নামে জনৈক এক ব্যক্তির সঙ্গে কথা বলে সংসদ সদস্যকে হত্যার হুমকি দেন। এরপর সেই ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতিও সৃষ্টি হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাংসদের অনুমতি পেয়ে বাদী গত ১৭ জুন বোরহানউদ্দিন থানায় মামলা করতে গেলে তাকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয় পুলিশ।

এ বিষয়ে জানতে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন থেকে প্রাপ্ত পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

তবে মামলার বাদী ভোলার দৌলতখান প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের মোবাইলে জানান, নুর মিয়ার হাট এলাকায় হামলা-ভাংচুরের ঘটনার সময় চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের ছেলে রোহান সরদার ছিলো। আর তাকেসহ পুলিশ কয়েকজনকে ওই ঘটনায় আটক করে। আর এসময় স্থানীয় সাংসদের কাছে সহায়তা চাইলে তিনি সন্ত্রাসী কার্যক্রমের পক্ষে না থাকার কথা জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ভিডিও কলে জনৈক ব্যক্তিকে সাংসদকে হত্যার হুমকি দেয়াসহ বিভিন্ন ধরনের কথা বলেন।

বাদী বলেন, এ ঘটনা সাংসদকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি সাংসদের নির্বাচনী এলাকায় ব্যপক চাঞ্চেল্যের সৃষ্টি হয়। এলাকার জনমনে চরম উত্তেজনা বিরাজ করে এবং যেকোন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারতো।

উল্লেখ্য গত ৩-৪ জুনের মধ্যে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর থেকেই বোরহানউদ্দিনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৪ জুন রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি নাগরিক সমাজ বিক্ষোভ করে। ৫ জুন সোমবার সকাল থেকে উপজেলা শহরে ওই চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ। বিক্ষোভকারীরা চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করেন।

পরবর্তীতে এ ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান আল মুন্না বাদী হয়ে আলাউদ্দিন সরদারকে আসামি করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন বলে জানিয়েছেন ওসি মোঃ মনির হোসেন মিঞা।

(ঢাকাটাইমস/১৮জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহকে শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় এসপি আশিস বিন হাছানের
বজ্রপাতে ৬ জেলায় ১১ জনের মৃত্যু
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ
নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা