ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৫, ০৯:৪২
অ- অ+

ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার (বাংলাদেশ সময় সকাল ৭টা) ঠিক আগে মিন্দানাও অঞ্চলের মানয় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এ ভূমিকম্প আঘাত হানে। খবর আল জাজিরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর কয়েক ঘণ্টার মধ্যে একই এলাকায় আরও একটি ৬.৭ মাত্রার কম্পন অনুভূত হয়। যদিও দ্বিতীয় ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে প্রথম ধাক্কাতেই প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

ভূমিকম্পের পর স্থানীয় কর্তৃপক্ষ বিপজ্জনক সুনামির সতর্কতা জারি করে এবং পার্শ্ববর্তী ইন্দোনেশিয়াতেও সতর্কতা ঘোষণা করা হয়। উপকূলীয় এলাকায় বসবাসরত হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

পান্তুকান শহরের কর্মকর্তা কেন্ট সিমিওন জানান,“ভূমিকম্পের সময় মানয়ের পশ্চিমে পাহাড়ে একটি সোনার খনির খাদ ধসে তিনজন খনি শ্রমিক নিহত হয়েছেন।”

এছাড়া মাটি শহরে একটি দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে দাভাও সিটিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় ভবনগুলো দুলতে থাকে এবং অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে একটি হাসপাতাল ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষের ফলে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় প্রদেশ কেবু-তে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে নিহত হয়েছিলেন ৬৯ জন, আহত হন আরও বহুসংখ্যক।

(ঢাকাটাইমস/১১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার
ভারতে পাচারকালে রাঙ্গামাটির দুর্গম সীমান্তে দুই মিনি পাওয়ার টিলার জব্দ
১২ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা