স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রমের মাধ্যমে তাঁকে এ প্রতীক দেওয়া হয়।
ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। এ ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এসব আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন মোট ১৩৮ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১০ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট ১১৯টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৫৬টি প্রতীক।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পাওয়ার জন্য আগেই আবেদন করেছিলেন ডা. তাসনিম জারা। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই তাঁকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, “গত কয়েকদিন ধরে ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার অনেক মানুষই জানতে চেয়েছেন—নির্বাচনের মার্কা কী, ব্যালট পেপারে কোন প্রতীকে আমাকে খুঁজে পাবেন। আজ সেই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর পাওয়া গেল।”
তিনি আরও বলেন, “আমি ফুটবল মার্কায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল থেকেই আমাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির যে প্রত্যাশা আমরা সামনে দেখতে চাই, সেই ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন পরিচালিত হবে।”
প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টও করেন ডা. তাসনিম জারা। সেখানে তিনি লেখেন, “সব বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!”
এদিকে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































