শেরপুরে সহিংসতা: জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা

শেরপুরে সম্প্রতি সংঘটিত সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুর ঘটনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সরকার বলেছে, সহিংসতার ফলে প্রাণহানি অগ্রহণযোগ্য এবং এটি অত্যন্ত দুঃখজনক।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন মাত্র দুই সপ্তাহ দূরে। এমতাবস্থায় সরকার বিএনপি, জামায়াতে ইসলামসহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি বা প্রাণহানির কোনো স্থান নেই।
শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে এবং জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সরকার সব রাজনৈতিক দল, নেতা এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত সকলের প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।
অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।
(ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































