রোজায় তৃষ্ণা মেটায় ও শক্তি জোগায় যেসব স্বাস্থ্যকর ফলের শরবত

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬
অ- অ+

দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে রোজার মাসে শরীরকে সুস্থ ও সতেজ রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, রমজানে খাদ্যাভ্যাসে সচেতন না হলে বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি তৈরি হতে পারে। তাই ইফতার ও সেহরিতে পুষ্টিকর, সুষম এবং হালকা খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন তারা।

চিকিৎসকদের মতে, সারাদিন রোজা রাখার কারণে শরীর পানিশূন্য হয়ে পড়ার আশঙ্কা থাকে। এজন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়ের মধ্যে পর্যাপ্ত পানি ধীরে ধীরে পান করা প্রয়োজন। একবারে অতিরিক্ত পানি পান করলে কিডনির ওপর চাপ পড়তে পারে। একই সঙ্গে তেল-চর্বিযুক্ত ও অতিরিক্ত মসলা খাবার পরিহার করাও জরুরি।

রোজাদারদের ক্লান্তি ও পানিশূন্যতা বেশি দেখা দিতে পারে। এ অবস্থায় ইফতারে ঠান্ডা ও স্বাস্থ্যকর ফলের শরবত হতে পারে শরীর চাঙা রাখার সহজ সমাধান। এক গ্লাস প্রাকৃতিক ফলের শরবত শুধু তৃষ্ণা মেটায় না, শরীরে শক্তি জোগায় এবং অবসাদ দূর করতেও সহায়ক।

পুষ্টিবিদরা জানান, ঘরে তৈরি তাজা ফলের শরবত বা স্মুদি শরীরের জন্য সবচেয়ে উপকারী। বাজারের কৃত্রিম জুস বা অতিরিক্ত চিনি মিশ্রিত পানীয় এড়িয়ে চলা উচিত। প্রাকৃতিক ফলের ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

কোনো স্বাস্থ্যঝুঁকি ছাড়াই এসব শরবত আপনার ও আপনার পরিবারকে করবে প্রাণবন্ত। সেই সাথে তাজা ফলের তৈরি শরবতের পুষ্টিগুণ আপনাকে করবে সতেজ ও সুন্দর। চলুন চটপট কিছু সহজ, সুস্বাদু শরবত তৈরির প্রয়োজনীয় উপকরণ, প্রস্তুত প্রণালী ও উপকারিতা দেখে নেয়া যাক।

বেলের শরবত

উপকরণ

বেল: ১ টি মাঝারি আকারের, দুধ: ১ কাপ (সর্বাধিক শীতল), চিনি/গুড়: স্বাদ অনুসারে, কালো / গোলাপি লবণ: ১.৫ চা চামচ, কাজু: ৫-৬ টা, কিসমিস: ১ চা চামচ

প্রণালি

পরিষ্কার পানি বেলটি ধুয়ে নিন এবং বাইরের শক্ত খোসাটি ছাড়িয়ে ফেলুন। একটি বড় বাটিতে চামচ চেঁছে বেলের মণ্ডটা তুলে নিন। বীজগুলো যতটা সম্ভব হাত দিয়ে সরিয়ে ফেলুন। বীজ পানীয়টিকে স্বাদে তেতো করে তোলে। এবার ওই মণ্ডের সঙ্গে কিছুটা পানি (আধ কাপের কম) যোগ করুন এবং ৫ মিনিট রেখে দিন। এতে মণ্ডটা নরম হয়ে যাবে। তবে যদি বেলটা পাকা এবং যথেষ্ট নরম হয় তবে না রাখলেও চলবে। হাত দিয়ে মণ্ডটিকে ভালো করে মেশান। মনে রাখবেন, শরবত তৈরি করতে আপনার একমাত্র সরঞ্জাম হ'ল আপনার হাত। এবার মণ্ডে দুধ, গুড়/ চিনি এবং গোলাপি/ কালো লবণ যোগ করুন এবং ভালভাবে মিশিয়ে ইফতারের সময় পরিবেশন করুন।

লেবুর শরবত

উপকরণ

চিনি- পরিমাণমত, লবণ- একচামচ, পানি- এক বোতল, লেবু- ২/৩টি, লেবুর খোসা- ১ চা-চামচ। ছোট করে গ্রেট করে কাটা। পুদিনা পাতা- কয়েকটি থেঁতো করা, বরফ

প্রণালী

এই শরবত করতে সময় লাগে মিনিট পাঁচেক। বিশেষত যদি চিনির জলটা আলাদা করে আগে থেকে করে রাখেন তাহলে তো কথাই নেই। লেবু কেটে ছাকনির মধ্যে দিয়ে লেবুর রসটা বের করে নিন। চিনি গোলা জলে লেবুর রস দিয়ে দিন। তাতে লেবুর খোসাগুলো ছেড়ে দিয়ে ভালো করে নাড়ুন। পুদিনা পাতাগুলো অল্প থেঁতো করে দিয়ে দিন। এক চিমটে লবণ দিন। ভালো করে নেড়ে লম্বা গ্লাসে বরফ দিয়ে অতিথিকে দিন।

উপকারিতা

লেবুর শরবতে রয়েছে রোগ প্রতিরোধের ক্ষমতা। লেবুর মতো সাইট্রাস ফলগুলো ভিটামিন সি-তে ভরপুর, যা আমাদের প্রতিরক্ষা তন্ত্রকে করে আরো সক্রিয়। সংক্রমণ প্রতিরোধেও লেবুর ভূমিকা অত্যাধিক। লেবুর মধ্যে থাকে পলিনিউট্রিয়েন্টস নামের রাসায়নিক, এটি একটি ভালো মানের এন্টি-অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

তরমুজের শরবত

উপকরণঃ

তরমুজ কুচি দুইকাপ, চিনি ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, লেবুর রস ২ চা চামচ, বরফ কুচি।

প্রণালী

তরমুজ কুচিসহ সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিন। প্রয়োজনীয় ঠাণ্ডা হলে নামিয়ে এনে পরিবেশন করুন রঙিন এক গ্লাস ঠাণ্ডা তরমুজ শরবত।

উপকারিতা

দেখতে সুন্দর, স্বাদে ভরপুর এ শরবত ইফতারে আপনাকে দেবে বিশেষ প্রশান্তি। গরমে প্রাণ জুড়াতে তরমুজের শরবতের জুড়ি নেই। সুস্বাদু এ শরবত কিডনি সুস্থ রাখার পাশাপাশি রক্ত চাপ নিয়ন্ত্রণে সহায়ক। তরমুজের শরবত অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া প্রোস্টেট ক্যানসার, কোলন ক্যানসার ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

তেঁতুলের শরবত

উপকরণ

তেঁতুল, বিট লবণ, চিনি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচের গুড়া, ঠাণ্ডা পানি।

প্রণালী

প্রথমে তেঁতুল থেকে বিচি আলাদা করে একটি পাত্রে তেঁতুল গুলে নিন। গোলানো তেঁতুলের সঙ্গে পরিমানমতো ঠাণ্ডা পানি মিশান। এবার তেঁতুলের সঙ্গে একে একে পরিমানমতো চিনি, বিট লবণ, টেলে রাখা শুকনা মরিচের গুড়া, কাঁচা মরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি দিন এবং নেড়ে ১০ মিনিট রাখুন। তেঁতুলের মিশ্রনটি অন্য একটি পাত্রে ছাকনি দিয়ে ছেকে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

উপকারিতা

গরমে তেঁতুলের শরবত দেবে অতুলনীয় প্রশান্তি। তেঁতুল রক্তের কোলস্টেরল কমায়। তাই এ রমজানে পেটে গ্যাস হলে তেঁতুলের শরবত অনেকটা সাহায্য করবে। তেঁতুলে থাকা ভিটামিন-মিনারেলস স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।

আঙুরের শরবত

উপকরণ

সাদা বিচিহীন আঙুর- ২২৫ গ্রাম, কালো আঙুর- ১০০ গ্রাম, পানি- এক লিটার, লবণ- এক চিমটে, এলাচ- ৬টি। কিন্তু এলাচের মধ্যেকার দানাগুলোকে বের করে বেটে নিতে হবে। লেবুর রস- ২চা-চামচ, গোলমরিচ- ১ চিমটে, দারচিনির গুঁড়া-১ চিমটে, বরফ কুচি

প্রণালী

আঙুরগুলো ধুয়ে নিন। লিকুইডাইজার বা শরবত করার হাত মেশিনে আঙুরের রস করতে হবে। আঙুর রসটি বড় একটি ছাকনি দিয়ে ছেকে নিন। এককাপ পানি মিশিয়ে রসটিকে আরেকবার ছাঁকতে হবে। বাকি জল আঙুরের রসের সঙ্গে মিশিয়ে দিন। নুন, এলাচ বাটা অ চিনি মিশিয়ে দিন। লেবুর রস, গোলমরিচ ও দারচিনি গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

উপকারিতা

প্রচুর অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আঙুরের শরবত নানাভাবে শরীরের কাজে লাগে। এটি খেলে ভালো থাকে হার্ট, সেইসঙ্গে ক্যান্সারের আশঙ্কাও কমে অনেকাংশে। ভালো করে রক্ত সঞ্চালন, নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ। এই অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে আঙুরের খোসা ও বীজে। যে কারণে খাওয়ার সময় এগুলো বাদ দেবেন না।

আনারসের শরবত

উপকরণ

আনারস কুচি ১ কাপ, বিট লবণ আধা চা চামচ, চিনি ২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ২ চা চামচ, পানি পরিমাণমতো।

প্রণালী

আনারস কুচির সঙ্গে বিট লবণ, চিনি, গোল মরিচের গুঁড়া ও পানি একসঙ্গে ভালো করে মিশিয়ে ব্লেন্ড করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল আনারসের শরবত। এবার সুন্দর একটি গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।

উপকারিতা

আনারসের শরবত খুব পুষ্টিকর একটি পানীয়। অত্যাধিক পরিমাণে ভিটামিন সি ও ফাইবার থাকায় এটি ত্বকের জন্য খুব উপকারী। ইফতারিতে অনায়াসে খেতে পারেন এ শরবত, কারণ খালি পেটে এ শরবত কৃমি নিবারনে সাহায্যকারী। আনারসে আছে উচ্চ মাত্রায় পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-সি এবং পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে ফ্রি-রেডিকেল থেকে সুরক্ষা প্রদান করে। ফলে ক্যানসার এবং হৃদরোগের মত মারাত্মক রোগ শরীরে বাসা বাঁধতে পারে না।

দুধ তোকমার শরবত

উপকরণ

তোকমার দানা ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, বরফকুচি ২ টেবিল চামচ এবং রুহ-আফজা ১/২ চা চামচ।

প্রণালি

প্রথমে দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। শরবত বানানোর আধাঘণ্টা আগে তোকমার দানা ১/২ গ্লাস খাবার পানিতে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখা তোকমার দানা ঠান্ডা দুধে মিশিয়ে নিন। চিনি ও রুহ-আফজা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। বরফকুচি মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

উপকারিতা

এ গরমে দেহের তাপ কমাতে এ শরবত বিশেষ সহায়ক। শুধু ইফতার নয়, সেহেরিতেও খেতে পারেন কারণ এতে রয়েছে প্রচুর আঁশ, যা বাড়তি ক্ষুধা দূর করে এবং পেট দীর্ঘক্ষণ পরিপূর্ণ থাকার অনুভূতি দেয়। দেহের ওজন কমাতে এ বীজের জুড়ি নেই। তোকমার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অত্যন্ত উপকারী। এ ছাড়া এর নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে।

আমের শরবত

উপকরণ

কাঁচা আম কুচি এককাপ, চিনি স্বাদমতো, পানি আধাকাপ, বিট লবণ এক চিমটি, পরিমাণমতো বরফ কুচি।

প্রণালী

আম ভালোভাবে ধুয়ে কেটে টুকরো করে নিন। এবার ব্লেন্ডারে একে একে আম, পরিমানমতো বিট লবন, কাচামরিচ, চিনি ও পানি দিন। সবকিছু একসাথে ভালোকরে ব্লেন্ড করুন ২ মিনিট। হয়ে গেলো দারুন স্বাদের কাঁচা আমের শরবত। গ্লাসে ঢেলে বরফ টুকরো দিয়ে পরিবেশন করুন।

উপকারিতা

গরমের প্রধান প্রশান্তি বলা চলে আমকে। প্রচন্ড সুস্বাদু আমের শরবত ইফতারে পান করলে এক নিমিষে জুড়িয়ে যাবে আপনার মনপ্রাণ। ফাইবার সমৃদ্ধ এ ফল কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ সহায়ক। ভিটামিন-সি যুক্ত হওয়ায় ঠান্ডাজনিত রোগ নিরাময়ে উপকারী। অ্যাসিডিটি নিয়ন্ত্রণে সাহায্যকারী এ শরবত পানে শরীর নানাবিধ সমস্যা থেকে মুক্তি পাবে আশা করা যায়।

বাদাম শরবত

উপকরণ

দুধ- ৪৫০ মিলি, পানি- ১৫০ মিলি, চিনি- ৬০ গ্রাম, আমন্ড- ১৫ গ্রাম জলে ভেজানো আমন্ড, পেস্তা- ১৫ গ্রাম পেস্তাকে জলে ভিজিয়ে উপরের ছালটি ছাড়িয়ে নিতে হবে, জাফরান- এক চিমটে, এলাচ- ৬টি। তবে শরবতের জন্য এলাচের ভেতরের দানাটি বের করে পিষে নিতে হবে।, গোলাপ জল- ৩/৪ ফোঁটা, বরফ

প্রণালী

এই শরবত খেতে খুবই উপাদেয়, কিন্তু কিছুটা ব্যয়সাপেক্ষ। তবে, বিশেষ কোনও অতিথির জন্য এই শরবত করে দেখতে পারেন। দুধ ও পানি একসঙ্গে মিশিয়ে তাতে চিনি দিন। অল্প একটু দুধের সঙ্গে পেস্তা ও আমন্ড মিশিয়ে বেটে নিতে হবে। তৈরি করা এই পেস্টটি দুধ ও পানির মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিন। জাফরান অল্প পানিতে গুলে তাতে এলাচ দানা বাটাটা ভালো করে মিশিয়ে দিন। এই মিশ্রণটি দুধের সঙ্গে মিশিয়ে দিন। কয়েক ফোঁটা গোলাপ জল দিন। ঠাণ্ডা করুন বা বরফ দিয়ে খেতে দিন।

উপকারিতা

বাদামের শরবত হাড় গঠনে ও মাংসপেশি মজবুত রাখে, ব্রেইনের কার্যক্ষমতা উন্নত করে, ক্যানসার প্রতিরোধ ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বাদামে থাকে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, ম্যাংগানিজসহ আরও অনেক উপকারী উপাদান।

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সবুজবাগে বিএনপি কর্মী পলাশ হত্যার রহস্য উদ্ঘাটন, চার আসামির আদালতে স্বীকারোক্তি
জয়মনির ঘোলে নিরাপদ পানির সংকট নিরসনে কোস্ট গার্ডের উদ্যোগ
ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৩০
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা