মুশফিক ফারহানকে নিয়ে দ্বন্দ্ব: শুটিং সেটে অভিনেত্রী সামিয়াকে মারলেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে মারধরের অভিযোগ করেছেন তারই সহশিল্পী সামিয়া অথৈ।
মঙ্গলবার মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। এদিন বিকাল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে এ অভিযোগ জানান সামিয়া অথৈ নিজেই।
তিনি বলেন, গতকাল মানিকগঞ্জে শুটিংয়ে আসার সময় তিশার জন্য আমি ঢাকা থেকে একটি গিফট নিয়ে এসেছিলাম। সেটি দেওয়ার পর তিনি তা গ্রহণ করেননি। এ নিয়ে কিছু বলিনি। পরে প্রথম সিনে তিশা আপু আমাকে মেরে হাত রক্তাক্ত করে ফেলেছিল। মনিটরে সেটা দেখে শহীদুজ্জামান সেলিম ভাই ও রিংকু ভাই জানতে চাইল তোমাকে এভাবে মারল কেন? এক পর্যায়ে বলি— এর আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম তখন তিশা আপু ফোন দিয়ে থ্রেট দিয়েছিল যে, ফারহানের সঙ্গে কাজ করতে পারবে না।
তিনি বলেন, শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই এমন থ্রেট দিয়েছিলেন তিনি। কেন কাজ করব না জানতে চাইলে উত্তরে তিশা আপু বলেন, ফারহান আমার জামাই হয়। বিষয়টি ফারহানকে জানিয়েছিলাম। সেটা এক-দুই বছর আগের কথা। সেই ক্ষোভ তিনি নিজের মধ্যে পুষে রেখেছেন কিনা জানি না।
এই অভিনেত্রী আরও বলেন, আজ শেষ সিনে তিশা আপুকে চড় দেওয়ার দৃশ্য ছিল। চড় খেয়ে সে চলে যাবে। টেকনিক্যালি আস্তে করে তিশা আপুর গালে হাত লাগিয়েছি সিনের প্রয়োজনে। কিন্তু তিশা আপু সিনের মধ্যে আমাকে জোরে জোরে মেরেছে। আমার চোখ ফুলে গেছে। কথা বলতে সমস্যা হচ্ছে। তিনি এটা উদ্ধেশ্যপ্রাণিতভাবে করেছেন।
সামিয়া অথৈ বলেন, এমন করার কারণ জানতে চাইলে তিনি আমাকে অকাথ্য ভাষায় গালাগালি করেন। জানি না তিনি কিছু খেয়েছিলেন কিনা। কারণ, গতকালও এমন খারাপ আচরণ করেছে। ৪০ থেকে ৫০ মিনিট বাধরুমে ছিলেন। কি খায় জানি না। তার গা থেকে দুর্গন্ধ আসে। পাগলের মতো আচারণ করেছে।
তিনি বলেন, তিনি নেশা করেন কিনা জানি না। এটি আমি অভিনয়শিল্পী সংঘকে জানাব বলতেই তিনি উত্তরে বললেন, ভাইরাল হতে চাও। একজন সিনিয়র শিল্পী হিসেবে তার দ্বারা এটা আশা করিনি। আমি ঢাকা ফেরত আসতেছি। আমার সঙ্গে সে অন্যায় করেছে। তার কাছে এটা আশা করিনি।
এ বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত আছি। তাছাড়া নেটওয়ার্কজনিত সমস্যা হচ্ছে। আমি একটা অডিও বার্তা পাঠাচ্ছি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































