দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ ঘোষণা

অপরিশোধিত তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শেষবারের মতো পরিশোধন কার্যক্রম চালানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে মজুত শেষ হয়ে আসায় শেষ পর্যন্ত উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিতে হয়।
কর্মকর্তারা জানান, সাধারণত দৈনিক প্রায় ৪ হাজার ৫০০ টন অপরিশোধিত তেল পরিশোধন করে ইআরএল। কিন্তু সংকটের কারণে গত মাস থেকেই তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়েছিল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় আপাতত কোনো প্রভাব পড়বে না।
বিপিসির তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসে, যা ইআরএলে পরিশোধন করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনা, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে গত প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হয়েছে। ফলে এই সংকট তৈরি হয়েছে।
আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের একমাত্র শোধনাগার বন্ধ হওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলেও পর্যাপ্ত মজুত থাকায় তাৎক্ষণিক সংকট তৈরি হচ্ছে না। তবে দীর্ঘমেয়াদে আমদানি স্বাভাবিক না হলে জ্বালানি খাতে চাপ বাড়তে পারে।
(ঢাকাটাইমস/১৪ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































