শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

ময়মনসিংহের তারাকান্দায় পলিটেকনিক্যাল শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং দুই নারীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আসিফ রানা নাঈম, মো. গোলাম হোসেন, মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু, মো. ইউনুছ আলী ও শামছুল হক। এছাড়া সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন মোছা. খালেদা আক্তার ও মোছা. রেহেনা খাতুন।
আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং দুই নারীকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের অতিরিক্ত সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩১ মে রাতে তারাকান্দা উপজেলার বাসিন্দা ও রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল নিখোঁজ হন। পরে ৬ জুন একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম মিয়া তারাকান্দা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে তদন্তে আসামি আব্দুল হেলিম ও খালেদা আক্তারের স্বীকারোক্তির ভিত্তিতে আরও কয়েকজনের নাম উঠে আসে। তদন্ত শেষে নয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































