সাংবাদিককে ফোনে হুমকি, জয় চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা চায় বাচসাস

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ মে ২০২৬, ২০:০১
অ- অ+

চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে ২০২৪ সালে জয় চৌধুরীর হাতে সংবাদকর্মীদের প্রহৃত হওয়ার ঘটনার প্রতিবাদে ২৩ এপ্রিলকে ‘কালো দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় বিনোদন সাংবাদিকরা। গত দুই বছর ধরে এই দিবস পালিত হচ্ছে।

হামলার ‘নির্দেশনা দেওয়ায় ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায়’ অভিনেতা জয় চৌধুরীর কোনো খবর প্রচার না করারও সে সময় ঘোষণা দেন তারা। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জয় চৌধুরীকে এক মাসের জন্য সাময়িক বহিষ্কার করে শিল্পী সমিতি।

বছর না ঘুরতেই এফডিসিতে আবারও সাংবাদিক পেটানোর হুমকি দিলেন জয় চৌধুরী। সংগঠনের দপ্তর সম্পাদককে হুমকির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

জানা গেছে, গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বিনোদন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়াকে মোবাইল ফোনে শারীরিকভাবে আঘাত করার হুমকি দেয়ার ঘটনায় বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে জয় চৌধুরীর এই হুমকির তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। তারা অবগত হয়েছেন, রুহুল আমিন ভূঁইয়া তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই হুমকির সম্মুখীন হয়েছেন। জয় চৌধুরী শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকেননি, বাচসাসের দপ্তর সম্পাদকের চাকরি খেয়ে ফেলার হুমকিসহ নানাভাবে তাকে হয়রানি করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে এই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে এফডিসিতে নিয়মিত যাতায়াত করেন। এমতাবস্থায়, জয় চৌধুরী তাকে হুমকি দিয়ে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন বলে প্রতীয়মান হচ্ছে।

শুধু তাই নয়, জয় চৌধুরী গত ১০ মে বিকালে বাচসাস সদস্য দৈনিক মানবকণ্ঠের বিনোদন সাংবাদিক রঞ্জু সরকার এফডিসিতে দায়িত্ব পালন করতে গেলে তাকে বাচসাস নির্বাচনে ‘খেলে দেব’ বলে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেন। বাচসাস এবং বাচসাস-এর সদস্যদের সাথে এহেন ঔদ্ধত্যপূর্ণ ও মাস্তানীসুলভ আচরণ কোনো দায়িত্বশীল চলচ্চিত্র শিল্পীর কাছ থেকে কাম্য হতে পারে না। বাচসাস তার প্রতিষ্ঠালগ্ন থেকে চলচ্চিত্র সাংবাদিকতা এবং চলচ্চিত্রের উন্নয়নে সহায়ক সংগঠনের ভূমিকা পালন করে আসছে। চলচ্চিত্রের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে বাচসাস-এর সুনাম রয়েছে।

বাচসাস-এর সভাপতি ও সাধারণ সম্পাদক মনে করেন, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গণে কর্মরত সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কাম্য। হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখার অপচেষ্টা বরদাশতযোগ্য নয়। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উচিৎ, তার সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিল্পী ও সাংবাদিকদের মধ্যকার পেশাগত পারস্পরিক দায়িত্ব পালনের সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে শিল্পী সমিতির মিশা সওদাগর ও ডিপজল নেতৃত্বাধীন নতুন কমিটির শপথ অনুষ্ঠানে জয় চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছিলেন। নতুন নির্বাচন সামনে রেখে আবারও সাংবাদিক ও তাদের সংগঠনকে হুমকি দিলেন জয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা