জঙ্গি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার বিমান ও স্থল হামলা, নিহত ১৭৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৬, ১০:০৪
অ- অ+

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ বিমান ও স্থল অভিযানে গত তিন দিনে অন্তত ১৭৫ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর বরাতে মঙ্গলবার (১৯ মে) এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে সামাইলা উবা বলেন, গত ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত পরিচালিত অভিযানে যৌথ বাহিনী ১৭৫ জনকে হত্যা করেছে। নিহতরা বিভিন্ন সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় গোষ্ঠীগুলোর একাধিক চেকপয়েন্ট, অস্ত্রাগার ও লজিস্টিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

২০১৮-১৯ সালে মধ্যপ্রাচ্যে বড় ধরনের পরাজয়ের পর আফ্রিকার বিভিন্ন দেশে সক্রিয় হতে শুরু করে ইসলামিক স্টেট। আফ্রিকায় গোষ্ঠীটি ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) নামে কার্যক্রম পরিচালনা করছে।

সংঘাত পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা-এর তথ্যমতে, ২০২৬ সালের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী আইএসের মোট তৎপরতার ৮৬ শতাংশই সংঘটিত হয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে।

পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া দীর্ঘদিন ধরেই আইএসডব্লিউএপি, আল-কায়দা এবং বোকো হারাম-এর তৎপরতায় অস্থির। এসব গোষ্ঠীর সদস্যরা হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, লুটপাট ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে।

বহুবার অভিযান চালিয়েও এসব গোষ্ঠীকে পুরোপুরি দমন করতে পারেনি নাইজেরিয়া সরকার। চলতি বছরে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহযোগিতায় সম্মতি দেন। এর অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে প্রায় ১০০ মার্কিন সামরিক কর্মকর্তা নাইজেরিয়ায় পাঠানো হয়।

নাইজেরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বড় ধরনের সামরিক অভিযানে মার্কিন কর্মকর্তারাও অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

গত ১৬ মে পরিচালিত অভিযানে নিহত হন আইএসের বৈশ্বিক পর্যায়ের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু বিলাল আল-মিনুকি। এরপর ১৭ থেকে ১৯ মে পর্যন্ত অভিযানে নিহতদের মধ্যে ছিলেন আইএসডব্লিউএপি-এর শীর্ষ নেতা আবদ-আল ওয়াহাব, আবু মুসা আল-মাঙ্গাউই এবং আল-মিনুকির ঘনিষ্ঠ সহযোগী আবু আল মুথান্না আল মুহাজির।

নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সশস্ত্র জঙ্গিগোষ্ঠীগুলো পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত যৌথ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২০ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা