রামিসা হত্যা মামলার চার্জশিট রবিবার, ঈদের পর বিচার শুরু: আইনমন্ত্রী

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট আগামী রবিবারের মধ্যেই আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। একই সঙ্গে ঈদুল আজহার পরপরই মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, “ডিএনএ পরীক্ষা ছাড়া চার্জশিট দিলে বড় ধরনের ভুল হওয়ার আশঙ্কা থাকে। বিচার শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া ঈদের আগেই সম্পন্ন করা হবে। ঈদের পর দ্রুত বিচার কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।”
মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান শনিবার (২৩ মে) গণমাধ্যমকে বলেন, মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ। প্রতিবেদন হাতে পেলেই রবিবারের মধ্যে চার্জশিট আদালতে দাখিল করা সম্ভব হবে।
গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার (২০ মে) আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি ঘটনার আগে ইয়াবা সেবনের কথাও উল্লেখ করেন।
একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের শেষ পর্যায়ে রয়েছে মামলাটি। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর দ্রুত চার্জশিট দাখিল করা হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২৩ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































