গুলশানে সরকারি প্লট দখল মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৬, ১৫:৪৮| আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৫:৪৯
অ- অ+

রাজধানীর গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম আসামিদের অব্যাহতির (ডিসচার্জ) আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

এর আগে গত ২০ মে মামলার চার্জ ও ডিসচার্জ বিষয়ে শুনানি শেষ হয়। পরে আদেশ ঘোষণার জন্য ৬ জুলাই দিন ধার্য করা হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, এদিন কারাগারে থাকা সালাম মুর্শেদীকে আদালতে হাজির করা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক সদস্য (এস্টেট) লে. কর্নেল (অব.) এম নুরুল হক, সাবেক পরিচালক আবদুর রহমান ভূঁঞা, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হক, মোহাম্মদ আব্দুল মঈন, ইফফাত হক, মীর মোহাম্মদ হাসান এবং মীর মো. নুরুল আফছার।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর শামীম হোসেন শুনানিতে অংশ নেন। অন্যদিকে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী, আলহাজ্ব বোরহান উদ্দিন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট খাদেমুল ইসলামসহ একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি)-২৭ নম্বর, হোল্ডিং নম্বর-২৯, রোড নম্বর-১০৪-এর ২৭ কাঠা সরকারি সম্পত্তি অবমুক্ত না করেই জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করেন। পরে হস্তান্তরের অনুমতি ও নামজারি অনুমোদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ সৃষ্টি করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

(ঢাকাটাইমস/৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিশোরগঞ্জে বাস-গরুবোঝাই পিকআপের সংঘর্ষ, নিহত ৩
ব্রাজিলের হার সইতে না পেরে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক
অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের সতর্ক বার্তা
শহর-গ্রামে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য দূর করতে কাজ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা