আজ আন্তর্জাতিক বিড়াল দিবস: আদরের পোষ্যটির যত্নে সচেতনতার আহ্বান

আদরের প্রাণী বিড়াল। খেলাধুলা, সঙ্গ ও ভালোবাসায় মানুষের মন জয় করা এই প্রাণীটির জন্য আজ আন্তর্জাতিক বিড়াল দিবস। প্রতি বছর ৮ আগস্ট বিশ্বজুড়ে বিড়াল ও মানুষের বিশেষ সম্পর্ক উদযাপনে দিবসটি পালিত হয়।
২০০২ সালে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে বিশ্ব বিড়াল দিবস পালনের সূচনা হয়। এরপর থেকে প্রতিবছর দিনটি বিড়ালের কল্যাণ, নিরাপত্তা ও দায়িত্বশীল পরিচর্যা নিয়ে সচেতনতা তৈরির উপলক্ষ হিসেবে পালিত হয়ে আসছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিড়াল পালনে শুধু ভালোবাসা ও আদরই যথেষ্ট নয়, প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও সচেতনতা। পোষ্যটির সুস্থতার জন্য পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি, পরিষ্কার লিটার বক্স এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নির্ধারিত সময়ে প্রয়োজনীয় টিকাও দিতে হবে।
বিড়ালের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দিতে পারে। বিশেষ করে ফ্লু ও র্যাবিসের মতো রোগ প্রতিরোধে নির্ধারিত বয়সে টিকা দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
বিড়াল থেকে মানুষের শরীরেও কিছু রোগ ছড়াতে পারে, যেগুলোকে জুনোটিক রোগ বলা হয়। এর মধ্যে রয়েছে রেবিস বা জলাতঙ্ক, টক্সোপ্লাসমোসিস, রিংওয়ার্ম বা দাদ, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ এবং বিভিন্ন ধরনের পরজীবী সংক্রমণ। নিয়মিত পরিচ্ছন্নতা, সঠিক পরিচর্যা ও টিকাদানের মাধ্যমে এসব রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, বিড়ালের আঁচড় বা কামড়কেও অবহেলা করা উচিত নয়। বিশেষ করে র্যাবিসে আক্রান্ত বা সন্দেহভাজন প্রাণীর কামড় কিংবা আঁচড় হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তবে বিড়ালের হঠাৎ অসুস্থতা বা দুর্ঘটনা বলে-কয়ে আসে না। কেটে যাওয়া, বিষাক্ত কোনো বস্তু খেয়ে ফেলা, হঠাৎ বমি, জ্বর কিংবা পেটের সমস্যার মতো পরিস্থিতিতে পশুচিকিৎসকের কাছে নেওয়ার আগ পর্যন্ত প্রাথমিক সহায়তার প্রয়োজন হতে পারে। এজন্য প্রতিটি ক্যাট প্যারেন্টের ঘরে একটি আলাদা ফার্স্ট এইড বক্স রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
জরুরি সময়ে প্রয়োজনীয় সরঞ্জাম যেন সহজেই পাওয়া যায়, সেভাবেই আগে থেকে বক্সটি গুছিয়ে রাখা উচিত। তবে ওষুধ রাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।
বিশেষজ্ঞদের পরামর্শ, কোনো বিড়ালের জন্য ভেটেরিনারিয়ান আগে থেকে যে ওষুধ, মাত্রা ও ব্যবহারের নিয়ম নির্ধারণ করে দিয়েছেন, কেবল সেগুলোই জরুরি প্রয়োজনে হাতের কাছে রাখা যেতে পারে। যেমন নির্দিষ্ট কোনো বিড়ালের জন্য আগে থেকে প্রেসক্রাইব করা বমি নিয়ন্ত্রণের ওষুধ বা অন্য জরুরি ওষুধ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত সরবরাহ রাখা যেতে পারে।
তবে মানুষের জন্য ব্যবহৃত কোনো ওষুধ কিংবা ভেটেরিনারিয়ানের পরামর্শ ছাড়া নতুন কোনো ওষুধ বিড়ালকে দেওয়া উচিত নয়। বিশেষ করে অ্যান্টিহিস্টামিন, মলম বা অন্য কোনো মেডিসিন ব্যবহারের ক্ষেত্রেও আগে পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, বিড়ালের সঙ্গে খেলাধুলা, আদর কিংবা পছন্দের খাবার দেওয়ার পাশাপাশি তার খাবার-পানি, লিটার-ট্রে ও থাকার জায়গা পরিষ্কার রাখা দায়িত্বশীল পোষ্য পরিচর্যার গুরুত্বপূর্ণ অংশ।
আন্তর্জাতিক বিড়াল দিবসে তাই শুধু বিড়ালকে ভালোবাসা নয়, তার সুস্থতা, নিরাপত্তা ও দায়িত্বশীল পরিচর্যার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন প্রাণী বিশেষজ্ঞরা।
(ঢাকাটাইমস/০৮ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































