ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তার, মামলা ৪৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, মিরপুর বিভাগে ১২৬ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৬৭ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।
নিয়মিত অভিযানের সময় রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি।
এ ছাড়া অভিযানে এক হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, এক গ্রাম হেরোইন ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অভিযানে একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড এবং সাতটি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় এসব অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































