ইমরান খানকে মধ্যরাতে কঠোর নিরাপত্তায় নেওয়া হলো হাসপাতালে

আদালতের নির্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মধ্যরাতে কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।
গত রাতে (২০ আগস্ট দিবাগত) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয় পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতাকে। খবর আলজাজিরার।
এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমরানকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন।
পাকিস্তানের সরকার অবশ্য এ নির্দেশনা বদলাতে চেয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এতে সম্মতি দেয়নি।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ইনসাফ এসব তথ্য নিশ্চিত করেছে।
৭৩ বছর বয়সী এই কিংবদন্তি ক্রিকেটারকে হাসপাতালে নেওয়ার পর পাকিস্তানের পার্লামেন্টবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানান, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পূর্ণভাবে মেনে চলবেন।
আগস্টের শুরুতে করা এক পরীক্ষায় দেখা যায় ইমরান খানের উচ্চরক্তচাপ রয়েছে এবং তার রক্তচাপ ওঠানামা করে। এ ছাড়া তার মধ্যে অস্থিরতা ও আতঙ্ক কাজ করে। ইমরানের পরিবারের সদস্যরা গত বছর থেকে বলছেন তার চোখেও সমস্যা দেখা দিয়েছে।
ইমরান খানকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে আনার আগে সেখানে কয়েক শ পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় বলে জানান পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।
২০২২ সালের আগস্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন মামলা করে শাহবাজ শরিফের সরকার। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন ইমরান।
(ঢাকাটাইমস/২১আগস্ট/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































