পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পেরুর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের তথ্যমতে ভুমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় দুপুর একটার দিকে আয়াকুচো অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে রাজধানী লিমাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
শক্তিশালী কম্পন হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট জানায়ছে, এর মাত্রা ছিল ৭ দশমিক ২।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আয়াকুচো অঞ্চলের পারিনাকোচাস প্রদেশে। কোরাকোরা শহরের প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে ছিল এর কেন্দ্র। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।
ভূ-বিজ্ঞানীদের মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তুলনামূলকভাবে গভীরে হওয়ায় এর শক্তির বড় একটি অংশ ভূগর্ভেই শোষিত হয়েছে। ফলে ভূপৃষ্ঠে কম্পনের প্রভাব তুলনামূলক কম পড়েছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থানের কারণে পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছিল।
(ঢাকাটাইমস/২১আগস্ট/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































