শাহ আলী কাঁচাবাজারে

ক্ষতিকর জেলি মেশানো চিংড়ি জব্দ, ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ১৭:৩৭
অ- অ+

রাজধানীর মিরপুর-১ এলাকার শাহ আলী কাঁচাবাজারে অভিযান চালিয়ে ক্ষতিকর জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই অভিযানে অসুস্থ খাসির কলিজাও জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে পরিচালিত সমন্বিত এ অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে দেখা যায়, ওজন বাড়ানোর উদ্দেশ্যে চিংড়ির শরীরে ক্ষতিকর জেলি প্রবেশ করিয়ে বিক্রি করা হচ্ছে। পরে এমন ৪০ কেজি চিংড়ি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এ ছাড়া একটি দোকানে অসুস্থ খাসির কলিজা বিক্রির প্রমাণ পাওয়ার পর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে সেটিও জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযানে আরও দেখা যায়, বাজারের অধিকাংশ মাছ, মাংস ও সবজির দোকানে পণ্যের মূল্যতালিকা টানানো নেই। পাশাপাশি মাছ ও মাংসের দোকানে লাল রঙের বাতি ব্যবহার করা হচ্ছিল, যা তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয়।

এসব অনিয়ম আগামী ৩০ দিনের মধ্যে সংশোধনের জন্য বাজার মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে পরবর্তী অভিযানে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বি. এম. রুহুল আমিন রিমন। তিনি বলেন, জনস্বার্থে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয়ে প্রতি মাসে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী
স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক ও মেসেঞ্জারের মুছে ফেলা তথ্য চেয়ে মেটার কাছে চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা