পিচে পানিকাণ্ড নিয়ে প্রতিবাদ নেই বিসিবিতে

অমৃত মলঙ্গী, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১০:৪৬| আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১১:৩৬
অ- অ+

প্রথম টেস্টের শেষ দিন পিচে পানি ঢেলে বাংলাদেশি ব্যাটসম্যানদের ‘বিপাকে ফেলা’র ব্যাপারটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ধরনের শোরগোল করতে চাইছে না। ওই ঘটনার পর মৌখিকভাবে যে ‘মিটমাট’ হয়েছে তাতেই খুশি থাকছে বোর্ড।

ওয়েলিংটনে চতুর্থ দিন শেষে এই কাজ করেন বেসিন রিজার্ভের কিউরেটর। ঘটনাটি ঘটে স্বাগতিক কোচ মাইক হেসনের নির্দেশে।

আন্তর্জাতিক ক্রিকেটের উইকেট তৈরিতে পানি দেয়া নতুন কিংবা অবৈধ কোনো বিষয় না। তবে কিছু ব্যাপার আছে।

‘খেলা শুরুর আগে পিচ কিউরেটরকে ডাকেন ম্যাচ রেফারি। উইকেট তৈরি করতে তিনি কী কী কাজ করবেন, সেটা জেনে নেন। কোন সময় কোন উইকেট থেকে কতটুকু ঘাস কাটা হবে, কোন উইকেটে রোলার দেয়া হবে কিংবা কতটুকু পানি দেয়া হবে তার লিখিত দিতে হয় কিউরেটরকে। এর বাইরে কিছু করার সুযোগ থাকে না।’ আন্তর্জাতিক ক্রিকেটের উইকেট তৈরির নিয়ম সম্পর্কে ঢাকাটাইমসকে বলেন বাংলাদেশের পিচ কিউরেটর জাহিদুর রেজা বাবু।

কেবল মাত্র লিখিত দেয়ার বাইরে যদি কিছু করা হয়, সেটা বেআইনি হিসাবে গণ্য করা হয় বলেও জানান তিনি। সেই সঙ্গে মনে করিয়ে দেন, কোনোভাবেই যে উইকেটে খেলা হবে সেখানে পানি দেয়া যায় না।

এখন প্রশ্ন হলো, ওয়েলিংটনের কিউরেটর সেদিন কি বেআইনিভাবে পানি দিয়েছিলেন?

ওইদিন যে উইকেটে খেলা হয়েছে তার সবচেয়ে কাছের একটি উইকেটে মাঠকর্মীরা পানি দেন। লিখিত দেয়া কাগজে নাকি এই উইকেটে পানি দেয়ার কথা ছিল না। বাংলাদেশও বলে রেখেছিল, আশপাশের উইকেটে যেন পানি দেয়া না হয়।

বিসিবি ব্যাপারটিকে ‘চুক্তিভঙ্গের ঘটনা’ হিসেবে দেখলেও বলা হচ্ছে এটা ক্রিকেটের অংশ। আর আইসিসির কর্তারা বলছেন ‘অনিচ্ছাকৃত ভুল’।

জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ওইদিনই ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এবং কর্মকর্তা ক্রিস ব্রাউনের একটি আলোচনা হয়। সেখানে এই চুক্তিভঙ্গের বিষয়টি নিষ্পত্তি হয়েছে। ব্রাউন এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।’

বাংলাদেশ ওই টেস্টে প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও হেরে যায়। দ্বিতীয় ইনিংসে পেসারদের সামনে প্রায় সব ব্যাটসম্যানকে নাকানিচুবানি খেতে দেখা গেছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৬০ রানে অলআউট হয়। শট নির্বাচনেও অবশ্য অনেকেই আনাড়ি স্বভাব দেখিয়েছেন।

পানি দেয়ার ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে বাংলাদেশের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছেন। কোনো ম্যাচের আগে ম্যাচের উইকেট কিংবা পাশের উইকেটে পানি দিলে পেসাররা বাড়তি সুবিধা পান।

সংবাদ মাধ্যমে খবর এসেছে, চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউনের সামনেই পিচে পানি দেয়া হয়েছে। যিনি আগে থেকে জানতেন ওই উইকেটে পানি দেয়া যাবে না।

‘এটা আমার কাছে অসম্ভব মনে হয়। কেননা চুক্তিতে না থাকলে কর্মকর্তাদের সামনে পানি দেয়ার সুযোগই থাকে না। যদি নিয়ম ভঙ্গ করে কেউ পানি দেয়, তাহলে বাইরে থেকে কারো কিছু করতে হয় না। শাস্তি হওয়ার কথা।’ বলেন বাবু।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা