‘পদ্মা সেতু বাংলাদেশ-ভারতের লাইফ লাইন’

নির্মাণাধীন পদ্মা সেতুকে বাংলাদেশ ও ভারতের ‘লাইফ লাইন’ বলে মন্তব্য করেছেন ভারতের হাইকমিশনার হর্ষা বর্ধন শ্রীংলা। এসময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর একটি উক্তি উদ্ধৃতি করে বলেন, অর্থনীতিতে দ্রুত এগিয়ে চলা বাংলাদেশ ভারতের পেছনে নয়। বরং সাথে সাথেই চলছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা নামক স্থানে ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি গাড়ি প্রস্তুতকারক কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
হর্ষা বর্ধন বলেন, ১৯৬৫ সালের পর ভারত-বাংলাদেশের মধ্যে স্থল পথে যোগাযোগ বিচ্ছিন্ন করে পাকিস্তান। বর্তমানে ভারত ও বাংলাদেশ সরকারের উদ্যোগে যোগাযোগ আবারো প্রতিস্থাপন হয়েছে। এজন্য ভারতীয় সরকারের পক্ষ থেকেও বিভিন্ন মেয়াদে অর্থ বরাদ্দের কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের (ধামরাই) সাংসদ এমএ মালেক, করেন ভারতের গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মি. ভিনোদ কে. দেসারি, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচলাক তানভীর আহমেদ, ইফাদ অটোস লিমিেিটডর ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ ও পরিচালক তাসফিন আহমেদ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, বর্তমানে বিশ^ থেকে গাড়ি আমদানি করতে অনেক সময় লাগে। কিন্তু আমাদের এই কারখানা চালু হলে দেশের ক্রেতাদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে গাড়ি সরবরাহ করা সম্ভব হবে।
তিনি এসময় উল্লেখ করে বলেন, এই কারখানায় বিশ্বখ্যাত অশোক লেল্যান্ড ব্র্যান্ডের গাড়ি সংযোজন করা হবে। যেখানে বছরে ১০ হাজার গাড়ি (পিকআপ, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস) সংযোজন করা সম্ভব হবে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































