তিন ফরম্যাট থেকেই বাদ! দেশে ফিরছেন রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ১৪:১৮| আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৬:১০
অ- অ+

২০১৫ বিশ্বকাপের সেই সোনালী দিনগুলো নিশ্চয়ই ভীষণ মনে পড়ছে মাহমুদউল্লাহ রিয়াদের। অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে বড় দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন। রিয়াদ ছাড়া বাংলাদেশ দল পরিপূর্ণ হতে পারে কথাটা চিন্তাই করা যায়নি একটা সময়। কিন্তু সুসময় বেশি দিন স্থায়ী হলো না তার। টানা ব্যাটিং ব্যর্থতার কারণে কলম্বো টেস্ট থেকে তো বটেই, মনে করা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-২০ সিরিজ থেকেও বাদ দেওয়া হয়েছে তাকে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এমনটাই।

খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। গতকাল রাতে টিম ম্যানেজমেন্টের মিটিংয়ে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়। সুজন জানান, মঙ্গলবার দেশে ফিরে যাবেন রিয়াদ। বুধবার থেকে কলম্বোর পি সারা ওভালে শুরু হবে বাংলাদেশের শততম টেস্ট।

আজ সকালে পিসারা ওভারে অনুশীলন করতে নামে বাংলাদেশ দল। দলের সঙ্গে মাঠ পর্যন্ত এসেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। কিন্তু ড্রেসিংরুমে কিছুসময় বসে থেকে হোটেলে ফিরে যান। তার এতটাই মন খারাপ ছিল যে, চোখে জল ছলছল করছিল। কারো সঙ্গে তেমন কথা বলেননি।

তবে কোচ, ম্যানেজার রিয়াদকে বাস্তবতা বুঝিয়েছেন। রিয়াদকে বোঝানো হয়েছে যে, এই মুহূর্তে তোমার কিছু দিনের বিশ্রাম দরকার। তোমার জন্য জাতীয় দল অপেক্ষা করছে।’

জানা গেছে, কিছুতেই মন ভালো হচ্ছে না রিয়াদের। প্রচণ্ড মন খারাপ নিয়ে টিম হোটেলে ফিরে যান রিয়াদ।

ভয়াবহ রান খরার মধ্য দিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিডল অর্ডারে দলের অন্যতম ভরসা তিনি। কিন্তু দলের প্রয়োজনের সময় ইদানীং বারবার ব্যর্থ হচ্ছে রিয়াদের ব্যাট। দলকেও চরম মূল্য দিতে হচ্ছে এ জন্য। রঙিন পোশাকের চেয়ে সাদা পোশাকে তিনি বেশি ব্যর্থ হচ্ছেন সাম্প্রতিক সময়ে। গত ১৩ টেস্ট ইনিংসে মাত্র একটিতে অর্ধশত করতে পেরেছেন তিনি। গল টেস্টের দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৮ ও ০।

টেস্টে প্রায় দেড় বছর আগে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ১৩ ইনিংসে হাফ সেঞ্চুরি এসেছে মাত্র একটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে করেছিলেন ৬৭ রান। গত ১৩ টেস্ট ইনিংসে রিয়াদের রান- ৩৫,৩৮,১৭,১৩,৪৭,২৬,৫,১৯,৩৮, ২৮,৬৪,৮ ও ০।

(ঢাকাটাইমস/১৩মার্চ/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা