ভেবেচিন্তে সিনেমা করবেন তানিয়া বৃষ্টি

পরিচালক, স্ক্রিপ্ট অার গল্প পছন্দ না হলে সিনেমায় সহজে আর চুক্তিবদ্ধ হচ্ছেন না তানিয়া বৃষ্টি। সম্প্রতি ঢাকাটাইমস এর সঙ্গে কথপোকথনে এই কথা জানান তিনি।
তানিয়া বৃষ্টি বলেন, ‘সিনেমা আপাতত করছি না। একটি সিনেমার কথা চলছে, সবকিছু ঠিকঠাক হলে জানাবো। তবে এখন থেকে অনেক বেছে সিনেমা করবো। গল্প, স্ক্রিপ্ট, পরিচালক সব কিছু ঠিক থাকলে ব্যাটে বলে মিললে, তবেই সিনেমা করবো।’
২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেলের দ্বিতীয় রানারআপ হন তানিয়া বৃষ্টি। বিজ্ঞাপন ও নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও জনপ্রিয় হয়ে উঠেন তিনি। এ পর্যন্ত এই অভিনেত্রীর তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সম্প্রতি শেষ করলেন এলইডি বাল্বের একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। মুন্সিগঞ্জের এই মেয়ে এখন তুমুল ব্যস্ত সময় পার করছেন নাটক ও বিজ্ঞাপন নিয়ে।
তানিয়া বলেন, ‘সোহানুর রহমান সোহানের ‘ওয়াও বেবি ওয়াও’ সিনেমার শুটিং আপাতত বন্ধ আছে। পরবর্তীতে শুটিং শুরু হলে করবো। এছাড়া এখন বিজ্ঞাপন ও নাটক নিয়ে কাজ করছি।’
তানিয়া সম্প্রতি তিনটি টেলিফিল্মের কাজ শেষ করেছেন। যেগুলো খুব শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। ইফতেখার শুভ পরিচালিত থিওরি অব লাভ ও থিওরি অব পলিটিক্স নামের দুটি টেলিফিল্মের কাজ শেষ করেছেন। এছাড়া সুমন রেজার কাগজে লিখনা শিরোনামের একটি টেলিফিল্মেও কাজ করেছেন তিনি।
মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারবাহিক নাটক ‘হাউজ ওয়াইফ’, এটিএন বাংলায় ‘মন থেকে দূরে নয়’ নিয়মিত প্রচার হচ্ছে। এছাড়া দীপ্ত টিভির পালকি নাটকেও তিনি শায়রা চরিত্র নিয়ে নতুন রূপে হাজির হচ্ছেন। সব মিলিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
ঢাকাটাইমস/২২মার্চ/এমইউ/এজেড
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































