আবাহনীর বিপক্ষে প্রাইম ব্যাংকের বিশাল ব্যবধান জয়

প্রাইম ব্যাংকের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারল না বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের ব্যাটাররা। ফলে প্রাইম ব্যাংক পেল ১৪২ রানের বিশাল জয়। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২৭৩ রান তুলে প্রাইম ব্যাংক। রান তাড়া করতে নেমে মাত্র ১৩১ রানে থেমেছে মোসাদ্দেকদের ইনিংস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংককে দুর্দান্ত শুরু এনে দুই ওপেনার এনামুল হক বিজয় ও শাহাদাত হোসেন দীপু।
ওপেনিং জুটিতে আসে ৯৭ রান। আউট হওয়ার আগে ৫১ বলে ৩৮ রান করেন দীপু। পরের উইকেটে খেলতে নেমে ১২ বলে ৮ রান করেন মুমিনুল হক। এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার এনামুল হক বিজয় আউট হন অর্ধশতক পূর্ণ করে। ৮৫ বলে সাতটি চার ও তিনটি ছয়ে ৭৭ রানে আউট হন তিনি। ১২ বলে ৬ রানে আউট হন নাসির হোসেন।
এরপর পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুন ও ইয়াসির আলি রাব্বি মিলে গড়েন ৫৫ রানের জুটি। ৪৪ রানে আউট হন দলনেতা মিঠুন। আর রাব্বির ব্যাট থেকে এসেছে ৪৩ রান। আর শেষ পর্যন্ত খেলে গিয়ে ২৭ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন শেখ মেহেদি হাসান।
রান তাড়া করতে নেমে রকিবুল ইসলামের বোলিং তোপে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আবাহনী। ২৩ রানে লিটন দাস শূন্যরানে জাকের আলি অনিক, ৪ রানে নাজমুল হোসেন শান্ত , শূন্যরানে ধনঞ্জয় ডি সিলভা ও ৫ রানে আফিফ হোসেন ধ্রুব আউট হন। মাত্র ৩৪ রান তুলতেই হারায় প্রথম পাঁচজন ব্যাটারকে।
দলনেতা মোসাদ্দেক সৈকত একার লড়াইয়ে ফিফটি হাঁকান। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৭ চার ও ৩ ছয়ের মারে ৫৭ বলে ৬৫ রান করেন তিনি। এছাড়া সাইফউদ্দিন করেন ১১ রান।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































