ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতের সংঘর্ষে উত্তপ্ত নীলক্ষেত, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:০০
অ- অ+

রাজধানীর নীলক্ষেত এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরে পুলিশ ও ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রবিবার (১২ অক্টোবর) রাত ১২টার পর থেকে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় শুরু হয় এই উত্তেজনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইট-পাটকেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের কারণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থী ও স্থানীয়রা।

প্রথম দিকে পর্যাপ্ত পুলিশ না থাকায় প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চললেও পরবর্তীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের সহযোগিতায় রাত ৩টার দিকে সম্পূর্ণ শান্ত হয় পরিস্থিতি।

সরেজমিনে দেখা যায়, ডাকসুর ভিপি সাদিক কায়েম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “এই এলাকায় কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। যারা অশান্তি সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার সূত্রপাত সম্পর্কে স্থানীয়রা জানান, দিনের বেলা নীলক্ষেতের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী ও ঢাবির ছাত্রদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাতে বিষয়টি উত্তেজনায় রূপ নেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন,“ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।”

সংঘর্ষের ঘটনায় এলাকায় এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহকে শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় এসপি আশিস বিন হাছানের
বজ্রপাতে ৬ জেলায় ১১ জনের মৃত্যু
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ
নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা