রাফসানের দ্বিতীয় বিয়ের পর ফেসবুকে যে বার্তা দিলেন প্রথম স্ত্রী

দীর্ঘদিন প্রেমের গুঞ্জনের পর সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন জেফার রহমান ও রাফসান সাবাব। এটি রাফসানের দ্বিতীয় বিয়ে। এই বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যেই এবার মুখ খুলেছেন রাফসানের প্রথম স্ত্রী, চিকিৎসক সানিয়া সুলতানা এশা।
শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে অনুভূতির কথা জানান ডা. এশা। সেখানে সরাসরি কারও নাম উল্লেখ না করে তিনি লেখেন,বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চান না। ডা. এশা লেখেন, আমি নিজে একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্যদিয়ে গেছি। অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি।
এই কঠিন সময়ে কাছের মানুষদের পাশাপাশি অসংখ্য অচেনা মানুষের কাছ থেকেও ভালোবাসা ও সমর্থন পেয়েছেন বলে জানান তিনি। এশা বলেন, এই পুরো যাত্রাপথে পাওয়া প্রতিটি শুভকামনা ও উৎসাহ আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের—সবার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।
বর্তমানে নিজের জীবন ও ক্যারিয়ারকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন জানিয়ে ডা. এশা লেখেন, এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই—যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না, কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না।
পোস্টের শেষাংশে নিজের পরিচয় নিয়ে স্পষ্ট অবস্থান জানান ডা. এশা। তিনি লেখেন, আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই—“ডা. এশা”। একটি নাম, একটি পরিচয়—যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।
উল্লেখ্য, ২০২০ সালে ভালোবেসে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। প্রায় তিন বছর সংসার করার পর ২০২৩ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। সম্প্রতি রাফসান প্রেমিকা জেফার রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যা ঘিরে নতুন করে আলোচনায় উঠে আসে তাদের ব্যক্তিগত জীবন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































