একমঞ্চে গাইবেন পার্থ বড়ুয়া, গায়েন ও ডিজে মারুফ

এসএসসি ২০০১ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে গান গাইবেন দেশের জনপ্রিয় ব্যান্ড সোলসের অন্যতম সদস্য ও গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়া। আগামী ২৩ জানুয়ারি পূর্বাচলের স্বপ্ন কানন রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাসোসিয়েশন অব এসএসসি-০১-এর সপ্তম বার্ষিক মিলনমেলা ও সিলভার জুবলি অনুষ্ঠান। এই আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন পার্থ বড়ুয়া।
সংগীতাঙ্গনে দীর্ঘদিনের পরিচিত নাম পার্থ বড়ুয়া। সোলস ব্যান্ডের সঙ্গে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দেওয়ার পাশাপাশি তিনি সিনেমা, নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে সংগীত নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি এবং নিয়মিত স্টেজ শো করছেন সোলসের সঙ্গে।
আয়োজক সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও দেশের সব জেলা থেকে এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দিনব্যাপী এই মিলনমেলায় থাকছে শিশুদের জন্য খেলাধুলা, বন্ধুদের জন্য কুইজ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।সাংস্কৃতিক পর্বে পার্থ বড়ুয়া ও সোলসের পাশাপাশি পারফর্ম করবে অ্যাসোসিয়েশন অব এসএসসি-০১-এর বন্ধুদের ব্যান্ড ‘গায়েন’। এছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ডিজে মারুফ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































