জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আজ রবিবার দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করার কথা ছিল।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন
তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি জরুরি সফরে শেরপুর যাওয়ার কথা রয়েছে। আমিরের এই আকস্মিক ও জরুরি সফরের কারণেই মূলত ইশতেহার ঘোষণার অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে।
স্থগিত হওয়া এই অনুষ্ঠানের পরবর্তী সময় ও তারিখ কবে নির্ধারণ করা হবে, তা রবিবার বিকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর ইশতেহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। বিশেষ করে বড় দলগুলোর উন্নয়ন পরিকল্পনা ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































