গানে গানে ঈদ মাতাবেন আঁখি আলমগীর-তাসনিম আনিকা

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’ নিয়ে দর্শকদের জন্য ভিন্নধর্মী আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। জনপ্রিয় কণ্ঠশিল্পীদের পরিবেশনায় সাজানো এ অনুষ্ঠানটি ঈদের সাত দিন প্রতিদিন সকাল ১১টায় প্রচারিত হবে।
লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও রকস্টার তাসনিম আনিকা। এছাড়াও অংশ নেবেন সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবনী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী এবং ইসরাত জাহান জুঁই।
অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ হিসেবে ঈদের দিন গান শোনাবেন আঁখি আলমগীর এবং ঈদের চতুর্থ দিনে পারফর্ম করবেন তাসনিম আনিকা। পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান।
অনুষ্ঠান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, বৈশাখী টেলিভিশন তার পরিবারের মতো। ঈদের এ আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত এবং দর্শকদের ভালো লাগলেই তার পরিশ্রম সার্থক হবে বলে আশা প্রকাশ করেন।
অন্যদিকে তাসনিম আনিকা জানান, বৈশাখী টেলিভিশনে এটি তার প্রথম পারফরম্যান্স। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি বলেন, দর্শকদের প্রতিক্রিয়াই তার কাজের প্রকৃত মূল্যায়ন করবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































